ইরান থেকে আসা পর্যটন বা ভিজিটর ভিসাধারীদের ওপর ছয় মাসের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া সরকার। এই সময়ের মধ্যে ইরানিরা দেশটিতে প্রবেশ করতে পারবেন না।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বুধবার (২৫ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, অভিবাসন ব্যবস্থার ‘অখণ্ডতা ও স্থায়িত্ব’ রক্ষার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে যারা এরই মধ্যে অস্ট্রেলিয়ার পথে রয়েছেন, কিংবা যারা অস্ট্রেলীয় নাগরিক বা স্থায়ী ভিসাধারীদের স্বামী/স্ত্রী এবং নির্ভরশীল সন্তান—তারা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।
টনি বার্ক জানান, বিশেষ বিবেচনায় খুব অল্প সংখ্যক মানুষকে ‘ভ্রমণ অনুমতিপত্র’ দেওয়া হতে পারে।
মন্ত্রী বলেন, ‘ইরানে সাম্প্রতিক সংঘাত শুরু হওয়ার আগে অনেক ভিজিটর ভিসা ইস্যু করা হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে আবেদন করলে তাদের হয়তো এই ভিসা দেওয়া হতো না।’
তথ্যসূত্র: আল জাজিরা