লেবাননে গত সপ্তাহে চালানো এক হামলায় হামাসের এক অর্থ জোগানদাতা নিহত হয়েছেন বলে দাবি করছে ইসরায়েলি বাহিনী। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও দেশটির নিরাপত্তা সংস্থা শিন বেতের যৌথ বিবৃতিতে বলা হয়, নিহত ব্যক্তি ওয়ালিদ মোহাম্মদ দিব হামাসের আর্থিক নেটওয়ার্কের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন।
আরও বলা হয়, মোহাম্মদ দিব লেবানন, পশ্চিম তীরসহ বিভিন্ন এলাকায় হামাসের বিভিন্ন শাখায় অর্থ সরবরাহের দায়িত্বে ছিলেন। পাশাপাশি সিরিয়া ও লেবানন থেকে সদস্য নিয়োগ এবং হামলার কার্যক্রম পরিচালনার দায়িত্বও তার ওপর ছিল।
তবে হামলাটি কোথায় বা ঠিক কখন সংঘটিত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে গত সপ্তাহেই লেবাননে হামলায় হামাসের আরেকজন শীর্ষ অর্থ জোগানদাতা নিহত হন বলে জানায় ইসরায়েল। এছাড়া ৬ মার্চ সাইদনে হামাসের অর্থ সংগ্রহ সংক্রান্ত দপ্তরেও হামলা চালানো হয়েছিল বলে দাবি দেশটির।