৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দিলে ধ্বংস করে দেওয়া হবে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো— এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২১ মার্চ) ব্যক্তিগত সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন।
পোস্টে ট্রাম্প বলেন, ‘এই মুহূর্ত থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালি পুরোপুরি এবং কোনো ধরনের হুমকি ছাড়া খুলে না দেয়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের (ইরানের) বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাবে এবং ধ্বংস করে দেবে—সবচেয়ে বড় কেন্দ্রটি দিয়েই হামলা শুরু করা হবে।’
তবে কোন বিদ্যুৎকেন্দ্রকে সবচেয়ে বড় বলে উল্লেখ করছেন, তা স্পষ্ট করেননি ট্রাম্প। হরমুজ প্রণালি খুলে দিতে ট্রাম্পের বেধে দেওয়া সময়সীমা শেষ হবে সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাতের দিকে।
অবশ্য ট্রাম্পের এমন হুমকির পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট সব জ্বালানি অবকাঠামো ও পানি স্থাপনায় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান।
উল্লেখ্য, ট্রাম্পের এই হুমকি এমন এক সময়ে এল যার মাত্র একদিন আগে তিনি বলেছিলেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতা ‘গুটিয়ে নেওয়ার’ কথা ভাবছে। এমনকি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে গিয়ে বলেছিলেন, ‘একটা নির্দিষ্ট সময়ে এটি নিজে থেকেই খুলে যাবে।’