রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানি নববর্ষ ‘নওরোজ’ উপলক্ষে ইরানের নেতাদের শুভেচ্ছা জানিয়ে বলেন, মস্কো তেহরানের বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকবে। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য জানায় ক্রেমলিন।
তবে ইরানকে রাশিয়ার প্রকৃত সহায়তার পরিমাণ নিয়ে বিতর্ক রয়েছে। কিছু ইরানি সূত্র বলছে, ১৯৭৯ সালের বিপ্লবের পর সবচেয়ে বড় সংকটে মস্কো থেকে তেমন কার্যকর সহায়তা পাওয়া যায়নি।
ক্রেমলিন জানায়, পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি ও প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। বার্তায় তিনি ইরানের জনগণকে কঠিন সময় ধৈর্যের সঙ্গে অতিক্রমের কামনা করে বলেন, এই কঠিন সময়ে রাশিয়া ইরানের বিশ্বস্ত অংশীদার হিসেবে থাকবে।
রাশিয়া দাবি করে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলেছে এবং বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি করেছে। একই সঙ্গে পুতিন ইরানের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডকে নিষ্ঠুর বলে আখ্যা দিয়েছেন।
এদিকে, এক প্রতিবেদনে বলা হয়, মস্কো নাকি ওয়াশিংটনের কাছে প্রস্তাব দিয়েছিল, রাশিয়া ইরানের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধ করবে, যদি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে গোয়েন্দা সহায়তা দেওয়া বন্ধ করে। তবে ক্রেমলিন এ ধরনের প্রতিবেদনকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে।
রাশিয়া ও ইরানের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব থাকলেও এতে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নেই। এ ছাড়া রাশিয়া বারবার বলেছে, তারা চায় না ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করুক, কারণ এতে মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে।