ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত শেষ করতে কেবল যুদ্ধবিরতি যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন স্থায়ী সমাধান।’
আল জাজিরার বরাতে জাপানের কিয়োদো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের বার্তা হলো, এই যুদ্ধ আমাদের নয়। এটি আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছিলাম, ঠিক তখনই তারা আমাদের ওপর হামলা চালায়। এটি ছিল স্পষ্ট আগ্রাসন, অবৈধ, অযৌক্তিক ও উসকানিবিহীন।’
শুক্রবার (২০ মার্চ) প্রকাশিত ওই সাক্ষাৎকারের প্রতিলিপি তার টেলিগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা হয়।
আরাগচি আরও বলেন, ‘আমরা যা করছি তা সম্পূর্ণ আত্মরক্ষা। যতদিন প্রয়োজন, যেভাবে প্রয়োজন, আমরা নিজেদের রক্ষা করে যাব।’
তিনি জোর দিয়ে বলেন, ‘আমাদের অবস্থান পরিষ্কার, আমরা কেবল যুদ্ধবিরতি মেনে নিতে পারি না, কারণ আমরা চাই না গত বছরের পরিস্থিতি আবার ফিরে আসুক। এই যুদ্ধ সম্পূর্ণ ও স্থায়ীভাবে শেষ হতে হবে, এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি যাতে আর না ঘটে তার নিশ্চয়তা থাকতে হবে।’