যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানো বা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। মধ্যস্থতাকারী দুই দেশের মাধ্যমে তেহরানে পাঠানো এসব প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন বলে দাবি করেছেন এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা।
ওই কর্মকর্তা জানান, পররাষ্ট্রনীতি বিষয়ক প্রথম বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিষয়ে খামেনির অবস্থান ছিল অত্যন্ত কঠোর ও গুরুতর। তবে তিনি বৈঠকে সরাসরি উপস্থিত ছিলেন কি না, তা স্পষ্ট করা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, ‘খামেনি মনে করেন—যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হাঁটু গেড়ে পরাজয় স্বীকারে বাধ্য করা এবং ক্ষতিপূরণ আদায় না করা পর্যন্ত শান্তির জন্য এটি উপযুক্ত সময় নয়।’
এদিকে, গত ১৪ মার্চ বার্তা সংস্থা রয়টার্সকে তিনটি সূত্র জানায়, ইরান যুদ্ধের অবসান ঘটাতে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর কূটনৈতিক আলোচনার উদ্যোগকে প্রত্যাখ্যান করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।