লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ চলছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
সংস্থাটির এক প্রতিবেদক জানান, সীমান্তের ওদাইসেহ–তাইবেহ অক্ষ বরাবর এই সংঘর্ষ চলছে। ইসরায়েলের লেবানন আক্রমণের সময় এই এলাকাটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং এখানে আগে থেকেই ব্যাপক সামরিক তৎপরতা ছিল।
প্রতিবেদনে বলা হয়, ব্যাপক গোলাবর্ষণ ও গুলির আড়ালে ইসরায়েলি বাহিনী লেবাননের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছে।
এ ছাড়া দক্ষিণ সীমান্তবর্তী শহর ইয়ারুন এবং মারুন আল-রাসের কাছে একাধিক ইসরায়েলি সামরিক যান অগ্রসর হতে দেখা গেছে বলে জানিয়েছে সংস্থাটি।