ফেব্রুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে নাকি কমবে, তা জানা যাবে সোমবার (২ ফেব্রুয়ারি)। এদিন এক মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রোববার (১ ফেব্রুয়ারি) বিইআরসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত ফেব্রুয়ারি মাসের সৌদি কন্ট্রাক্ট প্রাইস (সিপি) অনুযায়ী বেসরকারি পর্যায়ে এলপিজির মূল্য সমন্বয় করা হবে। সোমবার দুপুর ৩টায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) ঢাকার কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নতুন দাম ঘোষণা করা হবে।
জানুয়ারি মাসে ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করে বিইআরসি। তবে সরকার নির্ধারিত দাম মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। কৃত্রিম সংকট সৃষ্টি করে সিন্ডিকেটের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে।
ক্ষেত্রবিশেষে ১২ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে ভোক্তাদের গুনতে হচ্ছে ২ হাজার টাকারও বেশি। প্রায় এক মাস ধরে বাজারে এ ধরনের সিলিন্ডার নৈরাজ্য চললেও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।