চলমান টি-২০ বিশ্বকাপের সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আহমেদাবাদে প্রস্তুতি নিচ্ছে ভারত দল। তবে ম্যাচের ঠিক আগে ভারতীয় শিবিরে বড় চোটের শঙ্কা দেখা দিয়েছে।
ভারত শুরু থেকেই অসুস্থতা ও চোটের সমস্যায় ভুগছে। একটি করে ম্যাচ মিস করেছেন জাসপ্রিত বুমরাহ ও অভিষেক শর্মা। শারীরিক সমস্যায় পড়েছিলেন ওয়াশিংটন সুন্দর। বিশ্বকাপ শুরুর ঠিক আগে চোটের কারণে হার্শিত রানা বাদ পড়েন, তার বদলি হিসেবে দলে ডাক পান মোহাম্মদ সিরাজ। এবার তার চোটও ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনটি উইকেট নেন সিরাজ। তবে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুশীলনের সময় বড় ধাক্কা খান তিনি। নেটে ব্যাটিং করার সময় হার্দিক পান্ডিয়ার একটি শক্ত শট তার বাঁ হাঁটুতে লাগে। ব্যথায় কাতর হয়ে পড়েন সিরাজ এবং খুঁড়িয়ে নেট ছাড়তে দেখা যায় তাকে।
এদিকে ভারতের বোলিং কোচ মর্নে মরকেল স্পিনার বরুণ চক্রবর্তীর প্রশংসা করেছেন। বুমরাহ ও বরুণ কার্যকরী হলেও, সিরাজের চোটকে কেন্দ্র করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভারতীয় টিম ম্যানেজমেন্ট চিন্তায় রয়েছে।