পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে পাঠানো এক আনুষ্ঠানিক আবেদনে ইমরান খানের প্রতি মানবিক ও ন্যায়সঙ্গত আচরণের আহ্বান জানিয়েছেন বিশ্ব ক্রিকেটের সাবেক কিংবদন্তিরা।
আবেদনে স্বাক্ষরকারীদের মধ্যে আছেন ভারতের দুই গ্রেট সুনীল গাভাস্কার ও কপিল দেব, ওয়েস্ট ইন্ডিজের স্যার ক্লাইভ লয়েড, অস্ট্রেলিয়ার ইয়ান চ্যাপেল, গ্রেগ চ্যাপেল, অ্যালান বোর্ডার ও স্টিভ ওয়াহ। এছাড়া যুক্ত হয়েছেন মাইকেল আথারটন, নাসের হুসেইন, মাইক ব্রিয়ারলি, বেলিন্ডা ক্লার্ক, ডেভিড গাওয়ার, কিম হিউজ ও জন রাইট। তাদের অনেকেই খেলোয়াড়ি জীবনে ইমরানের বিপক্ষে মাঠে নেমেছেন।
নির্জন কারাকক্ষে ইমরানের স্বাস্থ্যের অবনতির পর দৃষ্টিশক্তি কমে যাওয়ার খবরে উদ্বেগ জানিয়েছে ক্রিকেট বিশ্ব। সাবেক অধিনায়কদের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এই আবেদন কোনো রাজনৈতিক অবস্থান থেকে নয়; বরং খেলোয়াড়সুলভ মনোভাব ও মানবিক দায়বদ্ধতা থেকেই করা হয়েছে। ইমরানের যথাযথ চিকিৎসা, সম্মানজনক কারাবাসের পরিবেশ এবং পরিবারের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
ইমরানের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা উল্লেখ করে গাভাস্কার বলেন, ‘তার সঙ্গে যা করা হচ্ছে তা খুবই দুঃখজনক। আমরা শুধু মাঠের প্রতিদ্বন্দ্বীই ছিলাম না, দীর্ঘদিনের বন্ধুও।’
বিবৃতিতে আরও বলা হয়, ক্রিকেট বহুদিন ধরে দেশগুলোর মধ্যে সেতুবন্ধনের কাজ করে আসছে। ইমরান খান তার পুরো ক্যারিয়ারে সেই চেতনার প্রতীক ছিলেন, যেখানে তার নেতৃত্ব, দক্ষতা ও খেলোয়াড়সুলভ মনোভাব প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে।