এশিয়া কাপ রাইজিং স্টার্সে দারুণ সূচনা করেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। থাইল্যান্ডের ব্যাংককের টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলকে ৪ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে টাইগ্রেসরা।
টসে জিতে আগে ব্যাট করে বাংলাদেশ অলআউট হয় ১৯.৫ ওভারে ১১৫ রানে। শুরুটা ছিল আত্মবিশ্বাসী। ইশমা তানজিম ও শামিমা সুলতানার ওপেনিং জুটিতে আসে ৪৮ রান। শামিমা ১৯ বলে ১৭ রান করেন, আর ইশমা ২৫ বলে ৩০ রানের কার্যকর ইনিংস খেলেন। তিন নম্বরে নেমে শারমিন সুলতানা ২৭ বলে ২৯ রান করে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন। তবে শেষ দিকে ব্যাটিং ধসে পড়ে বাংলাদেশ; শেষ ১৯ বলে যোগ হয় মাত্র ১১ রান। শ্রীলঙ্কার হয়ে সাচিনি নিসানসালা ১৪ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংসে বড় ধাক্কা দেন।
১১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কাও শুরুতে বিপদে পড়ে। অধিনায়ক ফাহিমা খাতুন দ্রুত প্রথম সাফল্য এনে দেন। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও হানসিমা করুণারত্নে ৩১ বলে ২৬ রান করে ম্যাচে লড়াই ফেরান। শেষ দিকে আমা কাঞ্চানা (২৩) ও সাচিনি নিসানসালা (২০) উত্তেজনা বাড়ান।
শেষ ওভারে শ্রীলঙ্কার দরকার ছিল ১৩ রান। বল হাতে নেন অধিনায়ক ফাহিমা খাতুন। চাপের মুখে দারুণ বোলিং করে সমীকরণ কঠিন করে তোলেন তিনি। শেষ বলে প্রয়োজন ছিল ৭ রান, তবে নিতে পারে মাত্র ২ রান। ফলে ৪ রানের রুদ্ধশ্বাস জয় পায় বাংলাদেশ।
বল হাতে সানজিদা আক্তার মেঘলা নেন ৩ উইকেট। ফাহিমা খাতুন ও লতা মণ্ডল পান ২টি করে উইকেট। এই নাটকীয় জয়ে টুর্নামেন্টে আত্মবিশ্বাসী সূচনা করলো বাংলাদেশ নারী ‘এ’ দল।