পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামে দামের লড়াইয়ে স্পষ্টভাবে এগিয়ে ছিলেন স্বাগতিক তারকারাই। বড় অঙ্কের বেশিরভাগ চুক্তিই গেছে পাকিস্তানি ক্রিকেটারদের ঝুলিতে, আর তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন পেসার নাসিম শাহ।
সবচেয়ে বড় চমক দেখিয়ে ৮ কোটি ৬৫ লাখ রুপিতে নাসিম শাহকে দলে টেনেছে রাওয়ালপিন্ডি। যা এবারের নিলামের সর্বোচ্চ দর। খুব বেশি পিছিয়ে ছিল না ইসলামাবাদ ইউনাইটেডও; তারা অলরাউন্ডার ফাহিম আশরাফকে কিনেছে ৮ কোটি ৫০ লাখ রুপিতে। লাহোর কালান্দার্স ৭ কোটি ৯৫ লাখ রুপিতে ধরে রেখেছে ফখর জামানকে। একই ফ্র্যাঞ্চাইজি ৭ কোটি ৬০ লাখ রুপিতে রেখে দিয়েছে গতি তারকা হারিস রউফকে। কোয়েটা গ্ল্যাডিয়েটরস তরুণ ব্যাটার খাজা মোহাম্মদ নাফায়কে দলে ভেড়িয়েছে ৬ কোটি ৫০ লাখ রুপিতে।
বড় অঙ্কের আরও কয়েকটি চুক্তির মধ্যে করাচি কিংস সালমান আলি আগাকে নিয়েছে ৫ কোটি ৮৫ লাখ রুপিতে। রাওয়ালপিন্ডি মোহাম্মদ আমিরকে দলে টেনেছে ৫ কোটি ৪০ লাখ রুপিতে। ইসলামাবাদ ইউনাইটেড মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে নিয়েছে ৪ কোটি ১০ লাখ রুপিতে। লাহোর কালান্দার্স উসামা মিরকে কিনেছে ৩ কোটি ৫০ লাখ রুপিতে, আর করাচি কিংস আজম খানকে নিয়েছে ৩ কোটি ২৫ লাখ রুপিতে। সাহিবজাদা ফারহান ৫ কোটি ৭০ লাখ রুপিতে যোগ দিয়েছেন সিয়ালকোট স্ট্যালিয়নসে।
২ থেকে ৩ কোটি রুপির মাঝামাঝি দামে চুক্তি পেয়েছেন আরও বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার। উবায়েদ শাহ ও খুররম শাহজাদ পেয়েছেন ২ কোটি ৭০ লাখ করে। মির হামজা ও আসিফ আফ্রিদি পেয়েছেন ২ কোটি ৪০ লাখ করে। মোহাম্মদ হারিস ও ইমাদ ওয়াসিমের চুক্তি ২ কোটি ২০ লাখ, মোহাম্মদ আলি ২ কোটি ১৫ লাখ, মুহাম্মদ ইরফান খান ২ কোটি ৯০ লাখ এবং জাহানদাদ খান পেয়েছেন ২ কোটি ৫০ লাখ রুপি।
সব মিলিয়ে, এবারের পিএসএল নিলামে অর্থের ঝলকানিতে নিজেদের আধিপত্যই দেখালেন পাকিস্তানের তারকারা।