ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের ভোটগণনায় কারচুপির অভিযোগ তুলে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৩টায় নির্বাচন কমিশন (ইসি) ভবনে হাজির হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক। এর আগে রাত ২টার দিকে তিনি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে অভিযোগ দিতে গেলে তাকে নির্বাচন কমিশনে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
রিটার্নিং অফিসার তাকে বলেন, ‘পাশেই নির্বাচন কমিশনের অফিস। আপনি সেখানে অভিযোগ দিতে পারেন। এছাড়া ফলাফল ঘোষণার পর সংক্ষুব্ধ হলে আদালতে অভিযোগ দিতে পারেন। আদালত আমাদের যে নির্দেশনা দিবেন আমরা সেভাবেই কাজ করব। প্রয়োজনে পুনরায় ভোট গণনা হবে।’
মামুনুল হক ইসি ভবনে এসে জানান, তার আসনের অন্তত ৫০টি কেন্দ্রে প্রায় এক হাজার ২০০ ভোট বাতিল করা হয়েছে। এ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ১২৭টি আসনে কত ভোট বাতিল হয়েছে, তার সঠিক হিসাব এখনো জানা যাচ্ছে না।
তিনি আরও অভিযোগ করেন, একাধিক কেন্দ্রের ফলাফল প্রকাশে অস্বাভাবিক বিলম্ব হয়েছে, যা নিয়ে তাদের আশঙ্কা তৈরি হয়েছে। নিরাপত্তা জোরদারের মধ্যেই মামুনুল হকের এ অভিযোগ ঘিরে ইসি ভবন এলাকায় বাড়তি সতর্কতা লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, ঢাকা-১৩ আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ। তিনি মামুনুল হকের চেয়ে তিন হাজারেরও বেশি ভোটের ব্যবধানে এই আসনে জয়লাভ করেন তিনি।