লিভারপুল ছাড়ার পর থেকেই ইউরোপীয় ফুটবলে ইয়ুর্গেন ক্লপকে ঘিরে গুঞ্জনের শেষ নেই। কখনও বায়ার্ন, কখনও জার্মানি জাতীয় দল! বিভিন্ন সময় তার নাম জড়িয়েছে নানা ক্লাবের সঙ্গে। এতদিন সেসব আলোচনা সীমাবদ্ধ ছিল কল্পনা আর জল্পনায়। তবে এবার স্প্যানিশ গণমাধ্যমের দাবি, রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন জার্মান এই কোচ, যদিও কিছু নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে।
জাবি আলোনসো দায়িত্ব ছাড়ার পর আপাতত আলভারো আরবেলোয়া সাময়িকভাবে রিয়ালের ডাগআউটে দায়িত্ব পালন করছেন। ফলে ভবিষ্যৎ পরিকল্পনায় বিকল্প ভাবনাও চালিয়ে যাচ্ছে ক্লাবটি। সেই তালিকায়ই উঠে এসেছে ক্লপের নাম।
বর্তমানে রেড বুল গ্রুপে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভূমিকায় আছেন ক্লপ। তবে ডিফেন্সা সেন্ট্রালের প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচটি শর্ত পূরণ হলে তিনি রিয়ালের দায়িত্ব নিতে রাজি হতে পারেন। প্রথম শর্ত হিসেবে তিনি চান তরুণ ব্রাজিলিয়ান এনড্রিককে লোন থেকে ফিরিয়ে আনা হোক। এছাড়া ডিফেন্স মজবুত করতে দুইজন নতুন সেন্টার-ব্যাক দলে ভেড়ানোর দাবি জানিয়েছেন; সম্ভাব্য নাম হিসেবে এসেছে নিকো স্লটারব্যাক ও জ্যাকোবো রামনের নাম। পাশাপাশি মিডফিল্ডেও দুই নতুন খেলোয়াড় চান ক্লপ; সম্ভাব্য তালিকায় আছেন অ্যাডাম হোয়ারটন।
অন্যদিকে আরেকটি গুঞ্জন বলছে, বর্তমান লিভারপুল কোচ আর্নে স্লট প্রত্যাশিত ফল না পেলে ক্লপ আবারও অ্যানফিল্ডে ফিরতে পারেন। যদিও এসব আলোচনা এখনো আনুষ্ঠানিক কোনো পর্যায়ে পৌঁছায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালে লিভারপুল ছাড়ার সময় ক্লপ ইঙ্গিত দিয়েছিলেন- সম্ভবত আর কোনো ক্লাবে কোচিং করবেন না। তবে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার বিশ্বাস, ক্লপ একদিন না একদিন আবারও ডাগআউটে ফিরবেন। সেই প্রত্যাবর্তন কি তবে সান্তিয়াগো বার্নাব্যুতে? এখন সেটাই বড় প্রশ্ন।