অবশেষে মাঠে ফিরছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগের আল-নাসরের দুই ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসে আগামী ১৪ ফেব্রুয়ারি আল-ফাতেহের বিপক্ষে খেলবেন পর্তুগিজ মহাতারকা। ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন এই তথ্য নিশ্চিত করেছে।
এই মৌসুমে ইতিমধ্যেই আল-নাসরের দুটি ম্যাচে খেলেননি ৪১ বছর বয়সী রোনালদো। তবে তার অনুপস্থিতিতেও আল ইত্তিহাদ ও আল রিয়াদের বিপক্ষে টানা দুই জয় তুলে নিয়েছে সাদিও মানে, জোয়াও ফেলিক্সরা। তবুও দলের মুখ্য তারকার অভাব ভক্তদের মধ্যে প্রশ্ন তৈরি করেছিল।
ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-এর সঙ্গে মতবিরোধের কারণে রোনালদো ম্যাচ বয়কট করেছিলেন। ট্রান্সফার উইন্ডোতে আল-নাসর প্রত্যাশা অনুযায়ী শক্তি বাড়াতে না পারায় অসন্তোষ ক্রমেই তীব্র হয়। বিশেষত জানুয়ারিতে পিআইএফ-সমর্থিত আরেক ক্লাব আল হিলাল আল ইত্তিহাদ থেকে করিম বেনজেমাকে দলে নিলে রোনালদো সেটিকে আল নাসরের প্রতি অবহেলা হিসেবে দেখেন।
তবে শেষ পর্যন্ত দুই পক্ষ সমঝোতার পথে হেঁটেছে। সূত্রটি জানায়, পিআইএফ রোনালদোর প্রধান দাবিগুলো মেনে নেওয়ার পরই তিনি মাঠে ফেরার সিদ্ধান্ত নেন। বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে এবং ক্লাব পরিচালনায় শীর্ষ কর্মকর্তাদের আগের মতো স্বাধীনতা ফিরিয়ে দেওয়া হয়েছে। স্পোর্টিং ডিরেক্টর সিমাও কুতিনহো ও সিইও হোসে সেমেদো আবার সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে পারবেন।
চলতি মৌসুমে আল-নাসরের জার্সিতে ২২ ম্যাচ খেলে রোনালদো করেছেন ১৮ গোল ও তিনটি অ্যাসিস্ট। লিগ তালিকায় আল-নাসর দ্বিতীয় স্থানে রয়েছে, চিরপ্রতিদ্বন্দ্বী আল-হিলালের থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে।
রোনালদোর প্রত্যাবর্তন শুধু আল-নাসরের জন্য নয়, সমগ্র সৌদি প্রো লিগের ভক্তদের জন্যও নতুন রোমাঞ্চের সূচনা।