বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হতে যাচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’। তবে টুর্নামেন্ট শুরুর আগেই অ্যাক্রেডিটেশন নীতি নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে বিসিবি। খেলা শুরুর মাত্র সাত ঘণ্টা আগে হঠাৎ করেই নতুন অ্যাক্রেডিটেশন পলিসি ঘোষণা করে বোর্ড। যেখানে বলা হয়, তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধিত প্রতিষ্ঠান ছাড়া কাউকে অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হবে না।
বিসিবির এই সিদ্ধান্ত নিয়ে ক্রীড়া সাংবাদিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। বিসিবি মিডিয়া কমিটির পক্ষ থেকে বুধবার গভীর রাতে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)-এর সঙ্গে যোগাযোগ করে নতুন নীতির কথা জানানো হয় এবং এ বিষয়ে সমর্থন চাওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে এই প্রস্তাব নাকচ করে দেয় বিএসপিএ।
পূর্ব কোনো ঘোষণা বা আলোচনার সুযোগ না রেখে হঠাৎ করে অ্যাক্রেডিটেশন পলিসি পরিবর্তনের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে ক্রীড়া সাংবাদিকদের এই সংগঠনটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসপিএ জানায়, বিসিবির এমন একতরফা সিদ্ধান্ত তারা কোনোভাবেই সমর্থন করে না। একই সঙ্গে আলোচনার মাধ্যমে একটি স্থায়ী ও গ্রহণযোগ্য অ্যাক্রেডিটেশন পলিসি তৈরির দাবি তোলে সংগঠনটি।
টুর্নামেন্ট শুরুর ঠিক আগে নেওয়া এই সিদ্ধান্ত মাঠের বাইরে নতুন করে উত্তেজনা তৈরি করেছে, যা দেশের ক্রীড়া সাংবাদিকতা ও পেশাদার পরিবেশ নিয়ে প্রশ্ন তুলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।