কোপা দেল রে কোয়ার্টার ফাইনালের আগে দুঃসংবাদ পেল বার্সেলোনা। চোটের কারণে আলবাসেতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না দলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। ফলে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামার আগে কোচ হান্সি ফ্লিককে নতুন করে ভাবতে হচ্ছে আক্রমণভাগের সমন্বয় নিয়ে।
এস্তাদিও কার্লোস বেলমন্তেতে বুধবার রাত দুইটায় দ্বিতীয় বিভাগের দল আলবাসেতের মুখোমুখি হবে কাতালানরা। আগের রাউন্ডে রিয়াল মাদ্রিদকে বিদায় করে চমক দেখান আলবাসেতে যে কঠিন প্রতিপক্ষ, তা ভালোভাবেই জানে বার্সেলোনার। তার ওপর রাফিনিয়ার অনুপস্থিতি ম্যাচের চ্যালেঞ্জ আরও বাড়িয়ে দিয়েছে।
গত সপ্তাহে এলচের বিপক্ষে লা লিগার ম্যাচের মাঝপথে মাঠ ছাড়তে হয় রাফিনিয়াকে। স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও এএস জানিয়েছে, ডান পায়ের অ্যাডাক্টরে অস্বস্তি অনুভব করায় তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব। যদিও পরীক্ষায় গুরুতর কোনো চোট ধরা পড়েনি, তবুও ঝুঁকি নিতে চায় না বার্সেলোনা কর্তৃপক্ষ।
সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে রাফিনিয়ার। ক্যাম্প ন্যুতে মায়োর্কার বিপক্ষে ম্যাচে তাকে দেখা যেতে পারে, তবে সেটি নির্ভর করবে সপ্তাহের শেষ দিকে তিনি পূর্ণ অনুশীলনে ফিরতে পারেন কি না, তার ওপর।
রাফিনিয়ার অনুপস্থিতিতে আক্রমণভাগে সুযোগ পাচ্ছেন মার্কাস রাশফোর্ড। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে আসা এই ইংলিশ ফরোয়ার্ড এলচের বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে নেমে গোল করে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেছিলেন। সেই পারফরম্যান্সের সুবাদে আলবাসেতের বিপক্ষেও শুরুর একাদশে থাকার সম্ভাবনা তারই বেশি।
রক্ষণভাগে অবশ্য কিছুটা স্বস্তির খবর পেয়েছে বার্সেলোনা। এলচের বিপক্ষে ম্যাচের শেষ দিকে পেশিতে চোট পেয়ে মাঠ ছাড়েন জুল কুন্দে। তবে দ্রুতই সেরে উঠেছেন ফরাসি এই ডিফেন্ডার এবং দলের অনুশীলনেও ফিরেছেন। সবকিছু ঠিক থাকলে তিনি ম্যাচ খেলতে পারবেন, যদিও কোচ ফ্লিক চাইলে তাকে বিশ্রাম দেওয়ার পথেও হাঁটতে পারেন।
সব মিলিয়ে শিরোপা ধরে রাখার লক্ষ্যে আলবাসেতের মাঠে বার্সেলোনার সামনে অপেক্ষা করছে কঠিন এক পরীক্ষা, যেখানে অভিজ্ঞতা ও স্কোয়াডের গভীরতাই হতে পারে কাতালানদের সবচেয়ে বড় ভরসা।