বিশ্বকাপের টিকিট পেতে আর মাঠে নামতে হবে না বাঘিনীদের। সুপার সিক্সে নেদারল্যান্ডসের বিপক্ষে যুক্তরাষ্ট্রের হারের পরই নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব। হাতে অবশ্য এখনও বাকী দুইটি ম্যাচ, তার আগেই স্বপ্নের লক্ষ্য পূরণ হয়ে গেল।
বাছাই পর্বজুড়ে দুর্দান্ত ধারাবাহিকতায় টানা পাঁচ জয়ে বাংলাদেশ আগে থেকেই শক্ত অবস্থানে ছিল। সেই আত্মবিশ্বাসই শেষ পর্যন্ত কাজে লাগল অপ্রত্যাশিত এক সমীকরণে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে যুক্তরাষ্ট্র ৭ উইকেটে ১২৯ রান করলেও, জবাবে নেদারল্যান্ডস ১২ ওভারে ২ উইকেটে ৯০ রান তোলার পর বৃষ্টি থামেনি। বৃষ্টি আইনে ২১ রানের জয় পায় নেদারল্যান্ডস।
এই ফলাফলেই দৃশ্যপট পরিষ্কার হয়ে যায়। নেদারল্যান্ডসের পয়েন্ট দাঁড়ায় ৬-এ, আর তাতেই বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে যায়। একই সঙ্গে নেদারল্যান্ডসও মূলপর্বের টিকিট কেটে ফেলে।
বাছাই পর্ব থেকে বাকি দুটি জায়গার লড়াইয়ে আপাতত এগিয়ে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। অন্যদিকে এখনো খাতা খুলতে না পারা যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের সম্ভাবনা প্রায় শেষের পথে।
আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেখানে লাল-সবুজের প্রতিনিধিত্ব নিশ্চিত করে আত্মবিশ্বাসের বার্তাই দিল টাইগ্রেসরা।