প্রথম টেস্টে ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর মিশনে সুখবর পেয়েছে পাকিস্তান। লর্ডসে দ্বিতীয় টেস্টের একাদশে ফিরতে প্রস্তুত বাবর আজম। আঙুলের চোট কাটিয়ে অনুশীলনে উন্নতির ছাপ রেখেছেন তিনি।
দলের বোলিং কোচ উমর গুল জানিয়েছেন, নেটে ফাস্ট বোলার ও স্পিনারদের বিপক্ষে স্বচ্ছন্দে ব্যাটিং করেছেন বাবর। তিনি বলেন, ‘নেটে ভালোভাবেই ব্যাটিং করেছে বাবর। ফাস্ট বোলার, স্পিনারদের বিপক্ষে খেলেছে। থ্রো ডাউনের সামনেও স্বচ্ছন্দ ছিল। আমরা আশা করছি, সে ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত থাকবে। নেটে পরিপূর্ণ ব্যাটিং সেশন করেছে বাবর।’
ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথমবার আঙুলে চোট পান বাবর। পরে বেকেনহামে প্রস্তুতি ম্যাচে একই আঙুলে আবার আঘাত পাওয়ায় হেডিংলিতে প্রথম টেস্ট খেলতে পারেননি তিনি।
বাবরকে ছাড়া দুই ইনিংসেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ১৭১ ও ১৩৫ রানে গুটিয়ে গিয়ে ইনিংস ও ১০৩ রানে হারে সফরকারীরা। তাই লর্ডসে বাবরের ফেরা পাকিস্তানের জন্য বড় স্বস্তির কারণ হতে পারে।
সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ফিফটিসহ ৯৬.৫ গড়ে ১৯৩ রান করেছিলেন বাবর। ইংল্যান্ডের মাটিতেও তার রেকর্ড ভালো। এখন পর্যন্ত ৬ ইনিংসে ৩ ফিফটিসহ ৬৫.৭৫ গড়ে করেছেন ২৬৩ রান।