হুলিয়ান আলভারেজের বার্সেলোনায় দলবদল নিয়ে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। অ্যাটলেটিকো মাদ্রিদের শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশে পরোক্ষভাবে ‘মিথ্যাবাদী’ বলে ক্ষোভ প্রকাশ করেছেন আলভারেজের দীর্ঘদিনের এজেন্ট ফার্নান্দো হিদালগো।
স্প্যানিশ সংবাদমাধ্যমে সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে, আলভারেজের বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা নিয়ে অ্যাটলেটিকোর কর্তারা অসন্তুষ্ট। দলবদলের শর্ত নিয়েও দুই পক্ষের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। অ্যাটলেটিকোর সিইও মিগুয়েল আনহেল গিল মারিনের একটি বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় পোস্ট দেন হিদালগো।
ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘মিথ্যাবাদীকে কখনো জিজ্ঞেস করো না সে কেন মিথ্যা বলেছে, কারণ সেই কারণ ব্যাখ্যা করতে গিয়ে তাকে আবারও মিথ্যা বলতে হবে।’
ফুটবল মহলে ধারণা, আলভারেজকে বার্সেলোনায় যাওয়ার সুযোগ করে দেওয়ার বিষয়ে অ্যাটলেটিকো আগে কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকলেও এখন অবস্থান বদলেছে। এজেন্টের পোস্টে সমর্থন জানিয়ে আলভারেজও নিজের অবস্থান পরিষ্কার করেছেন বলে মনে করা হচ্ছে।
গত মৌসুমে ম্যানচেস্টার সিটি থেকে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেওয়া আলভারেজকে নতুন মৌসুমের শুরু থেকেই দলে পেতে আগ্রহী বার্সেলোনা। তবে অ্যাটলেটিকো তাদের অন্যতম সেরা তারকাকে সহজে ছাড়তে রাজি নয়।
শোনা যাচ্ছে, আলভারেজকে ছেড়ে দিতে রাজি হলেও বার্সেলোনার কাছে নয়, আর্সেনালের কাছে তাকে পাঠাতে আগ্রহী অ্যাটলেটিকো। ফলে এজেন্টের বিস্ফোরক মন্তব্যের পর আলভারেজের ভবিষ্যৎ কোন দিকে যায়, সেটিই এখন দেখার বিষয়।