মাঠে বল গড়ানোর আগেই সান্তোস ও ভাস্কো দা গামার ম্যাচে উত্তাপ ছড়ায় নেইমার ও থিয়াগো মেনেসের পুরোনো দ্বন্দ্ব ঘিরে। সান জেনুয়ারিও স্টেডিয়ামে হাত মেলানোর সময় নেইমারের সঙ্গে করমর্দন করতে অস্বীকৃতি জানান থিয়াগো।
২০২০ সালে পিএসজি ও অলিম্পিক লিঁওর ম্যাচে থিয়াগোর কঠিন ট্যাকলের শিকার হয়েছিলেন নেইমার। সেই ঘটনায় লাল কার্ড দেখেছিলেন থিয়াগো। পরে ক্ষমাও চেয়েছিলেন তিনি। তবে ওই ট্যাকলে নেইমারের বাম গোড়ালি মারাত্মকভাবে মচকে যায়। এ ঘটনায় নেইমারের বাবা সামাজিক মাধ্যমে থিয়াগোর আচরণের তীব্র সমালোচনা করেছিলেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে আবারও মুখোমুখি হন দুজন। ফাউলকে কেন্দ্র করে মাঠে তাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে থিয়াগো নেইমারের মুখে হাত ছোঁয়ালে মাঠে পড়ে যান নেইমার। দুজনকেই দেখানো হয় হলুদ কার্ড। পরে পুরোনো সেই ঘটনার প্রসঙ্গ টেনে নেইমার বলেন, ‘সে সবসময়ই ঝামেলা পাকাতে চায়, সবসময় নিজেকে কঠিন প্রমাণ করতে চায়—তার স্বভাবই এমন। সবিনয়ে বলছি, সে একটা ব্বোকা মানুষ। পিএসজিতে থাকতেই সে একবার আমাকে চোট দিয়েছিল, আজও সে আমাকে হুমকি দিয়েছে; কাজেই দেখা যাক সে আবারও আমাকে আহত করার মতো সাহস বা সামর্থ্য দেখাতে পারে কি না।’
সর্বশেষ ম্যাচে থিয়াগোর করমর্দনে অস্বীকৃতি সেই পুরোনো দ্বন্দ্বকে আবারও আলোচনায় এনেছে। এর বাইরে ভাস্কোর সমর্থকেরাও নেইমারকে লক্ষ্য করে উসকানি দেন। ম্যাচের আগে দর্শকদের মধ্যে নেইমারের কান্নার মুখের মুখোশও বিতরণ করা হয়। ফলে মাঠের লড়াইয়ের পাশাপাশি গ্যালারিতেও ছিল বাড়তি উত্তেজনা।