চলতি মৌসুমই হতে পারে ক্রিস্টিয়ানো রোনালদোর পেশাদার ফুটবল ক্যারিয়ারের শেষ অধ্যায়। ৪১ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা নিজেই জানিয়েছেন, সম্ভবত এটাই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ বছর। বিদায়ের আগে নিজের দীর্ঘ ফুটবলজীবনের জন্য একটি দুর্দান্ত লেগ্যাসি রেখে যেতে চান তিনি।
রোববার লাইফস্টাইল সাময়িকী ‘ভোগ’কে দেওয়া এক সাক্ষাৎকারে অবসরের পরিকল্পনার কথা জানান রোনালদো। সেখানে তিনি বলেন, ‘সম্ভবত এটাই আমার ফুটবলের শেষ বছর এবং আমি একটি দুর্দান্ত লেগ্যাসি রেখে যেতে চাই।’
দুই দশকের বেশি সময়ের বর্ণিল ক্যারিয়ারে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৯৭৬ গোল করেছেন রোনালদো। ক্যারিয়ারের ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে এখনো কিছুটা দূরে রয়েছেন তিনি। চলতি মৌসুমে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের হয়ে খেলা চালিয়ে সেই মাইলফলকে পৌঁছানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবেন এই তারকা।
স্পোর্টিং লিসবন দিয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা রোনালদো পরে খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, ইউভেন্তুস ও আল নাসরে। পাঁচবার জিতেছেন ব্যালন ডি’অর। আন্তর্জাতিক ফুটবলেও পুরুষদের সর্বোচ্চ ১৪৬ গোলের রেকর্ড রয়েছে তার দখলে।
তবে এতসব অর্জনের পরও রোনালদোর ট্রফি ক্যাবিনেটে নেই বিশ্বকাপ। চলতি বছরের বিশ্বকাপেও পর্তুগাল শিরোপা জিততে পারেনি। সেই আক্ষেপ নিয়েই হয়তো ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন পর্তুগিজ এই মহাতারকা।
ফুটবল ছাড়ার পরের জীবন নিয়েও এখন ভাবতে শুরু করেছেন রোনালদো। ২৫ বছরের পেশাদার ক্যারিয়ারে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে উল্লেখ করে তিনি জানিয়েছেন, অবসরের পর নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখতে চান। ভ্রমণ, প্যাডেল খেলা এবং এতদিনের অর্জন উপভোগ করার কথাও বলেছেন তিনি।
রোনালদোর মতে, ফুটবল ছেড়ে দিলে জীবনে বড় একটি শূন্যতা তৈরি হতে পারে। তাই অবসর-পরবর্তী জীবনে কোনো একটি নির্দিষ্ট কাজে নিজেকে আটকে না রেখে বিভিন্নভাবে সময় কাটাতে চান তিনি।
তবে আপাতত তার সামনে রয়েছে ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুম। ১ হাজার গোলের মাইলফলক স্পর্শের লক্ষ্য নিয়ে আল নাসরের হয়ে মাঠে নামবেন রোনালদো। এরপরই ২৫ বছরের পেশাদার ফুটবল ক্যারিয়ারে ইতি টানার সম্ভাবনা তৈরি হয়েছে।