ফুটবলে বিশ্বজুড়ে ব্রাজিলের দাপট বহু পুরোনো। তবে এবার ক্রিকেটেও ইতিহাস গড়ল পাঁচবারের ফুটবল বিশ্বচ্যাম্পিয়নরা। দক্ষিণ আমেরিকান ক্রিকেট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো শিরোপা জিতেছে ব্রাজিল।
রোববার কলম্বিয়ায় টুর্নামেন্টের ফাইনালে পানামাকে মাত্র ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। টস হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ১২৮ রান সংগ্রহ করে ব্রাজিল। জয়ের জন্য শেষ ওভারে পানামার দরকার ছিল ১৪ রান। সেই কঠিন সময়ে বল হাতে নেন ব্রাজিল অধিনায়ক মিশেল আসুনসাও।
প্রথম তিন বলে মাত্র ২ রান দেওয়ার পর চতুর্থ বলে ছক্কা হজম করেন তিনি। ওয়াইড ও বাই থেকে আরও ২ রান আসায় শেষ দুই বলে পানামার প্রয়োজন দাঁড়ায় ৪ রান। কিন্তু পঞ্চম বলেই ২৭ রান করা ইরফান হাফেজিকে ফিরিয়ে দেন আসুনসাও। শেষ বলেও কোনো রান না এলে ৩ রানের রোমাঞ্চকর জয় নিশ্চিত হয় ব্রাজিলের।
ফাইনালে ব্যাট হাতে ৩০ রান করার পাশাপাশি বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন আসুনসাও। ১৯৯৫ সাল থেকে আয়োজিত এই প্রতিযোগিতায় ২০২২ ও ২০২৪ সালে রানার্সআপ হয়েছিল ব্রাজিল। এবার ২১তম আসরে এসে প্রথমবারের মতো শিরোপা ছুঁয়ে দেখল তারা।
শিরোপা জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেছে ক্রিকেট ব্রাজিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা এই জয়কে ব্রাজিলিয়ান ক্রিকেটের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ করেছে। সঙ্গে ছিল গর্বিত ঘোষণা—‘আমরাই চ্যাম্পিয়ন! আমরাই ব্রাজিল!’