লিওনেল মেসির বাবা হোর্হে হোরাসিও মেসির মৃত্যুতে শোক জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ও পেশাদার ফুটবল লিগ। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার ভোরে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে।
ওলে নেটওয়ার্কের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে আর্জেন্টিনার সব স্তর ও বিভাগের প্রতিটি ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। একই সঙ্গে মেসির বাবার স্মরণে খেলোয়াড়, কোচিং স্টাফ ও রেফারিরা কালো বাহুবন্ধনী পরবেন।
এ ছাড়া আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সদর দপ্তরসহ সংস্থার সব স্থাপনায় আগামী ১৪ আগস্ট শুক্রবার পর্যন্ত পতাকা অর্ধনমিত রাখা হবে। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘গভীর শোকের সঙ্গে আমরা হোর্হে মেসির অপূরণীয় ক্ষতিতে শোক প্রকাশ করছি। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দেশের সব ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হবে এবং খেলোয়াড়, রেফারি ও কোচিং স্টাফ কালো বাহুবন্ধনী পরবেন।’
এএফএ সভাপতি ক্লদিও তাপিয়াও শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘হোর্হে সবসময় সঠিক কাজটিই করেছেন। যখন প্রয়োজন ছিল, তখন পাশে থেকেছেন, সমর্থন দিয়েছেন এবং কঠিন সময়ে তিনি ছিলেন এক অটল ভরসা।’
এদিকে মাতিয়াস মেসির সভাপতিত্বাধীন ক্লাব লিওনেস এফসি প্রথম বিভাগ লিগের ২৩তম রাউন্ডে মুনিজের বিপক্ষে তাদের ম্যাচটি স্থগিত করার ঘোষণা দিয়েছে।