বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনায় নতুন কোম্পানি গঠনের পরিকল্পনা করেছে ফিফা। প্রায় ২০ বিলিয়ন ডলারের এই প্রকল্পে বেসরকারি বিনিয়োগ আনার উদ্যোগ নিয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আর এই পরিকল্পনাকে ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক।
ফিফার প্রস্তাব অনুযায়ী, ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। এর ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে। তবে প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ফিফার হাতেই থাকবে।
এ বিষয়ে ২১১টি সদস্য ফেডারেশনকে আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে মতামত জানাতে বলেছে ফিফা। প্রস্তাব অনুমোদন হলে ২০৩০ বিশ্বকাপ চক্রে প্রতিটি ফেডারেশন প্রায় ২০ মিলিয়ন ডলার পর্যন্ত উন্নয়ন তহবিল পাবে। আর সমর্থন না করলে আগের মতো প্রায় ১০ মিলিয়ন ডলারই পাবে।
ফিফার এই উদ্যোগের তীব্র বিরোধিতা করেছে উয়েফা। তাদের দাবি, বিশ্বকাপ কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, তাই এর বাণিজ্যিক অধিকার বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়া ঠিক হবে না।
শুধু উয়েফাই নয়, এএফসি ও কনকাকাফও অভিযোগ করেছে যে, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সদস্য সংস্থাগুলোর সঙ্গে পর্যাপ্ত আলোচনা করা হয়নি। এর আগে ২০১৮ সালেও বড় অঙ্কের একটি বিনিয়োগ পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন ইনফান্তিনো। এবারও তার নতুন উদ্যোগ বিশ্ব ফুটবলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।