ক্রিকেট মাঠে ব্যাটে বল লাগার শব্দ শুনে আউট দেওয়া নতুন কিছু নয়। তবে সেই শব্দ যদি আসে ব্যাট থেকে নয়, একজন ফিল্ডারের আঙুল থেকে! ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে ঠিক এমনই ঘটেছে। আঙুলের মটকা ভেঙে আম্পায়ারকে বিভ্রান্ত করার অভিযোগে এখন তদন্তের মুখে পড়েছে সল্টবার্ন ক্রিকেট ক্লাব।
নর্থ ইয়র্কশায়ার অ্যান্ড সাউথ ডারহাম ক্রিকেট লিগের দ্বিতীয় বিভাগের ম্যাচে মিডলসব্রোর ব্যাটার নোমান শাবির ব্যাটিং করছিলেন। বল তার ব্যাটের পাশ দিয়ে চলে যাওয়ার মুহূর্তে স্লিপে থাকা এক ফিল্ডার ইচ্ছাকৃতভাবে আঙুলের মটকা ভেঙে শব্দ করেন। এতে আম্পায়ারের মনে হয় বল ব্যাট ছুঁয়ে উইকেটরক্ষকের গ্লাভসে গেছে। সল্টবার্নের জোরালো আবেদনে সাড়া দিয়ে শাবিরকে ক্যাচ আউট দেন আম্পায়ার।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ভিডিওটি এক্সে ৩০ লাখেরও বেশি বার দেখা হয়েছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন গণমাধ্যমেও ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।
বিতর্কের পর নর্থ ইয়র্কশায়ার অ্যান্ড সাউথ ডারহাম ক্রিকেট লিগ কর্তৃপক্ষ তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘শনিবার দ্বিতীয় বিভাগের খেলায় ঘটে যাওয়া বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ পেয়েছি। যার প্রেক্ষিতে একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং এই প্রক্রিয়া পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত আমরা কোনো মন্তব্য করব না।’
ম্যাচটি শেষ পর্যন্ত ১৫৯ রানের বড় ব্যবধানে জেতে সল্টবার্ন। এই জয়ে তারা দ্বিতীয় বিভাগের পয়েন্ট তালিকায় ১৭ পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান ধরে রেখেছে।
এর আগেও সল্টবার্নকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। গত মাসে তাদের বিপক্ষে খেলার পর মিডলসব্রো সেকেন্ড একাদশের অধিনায়ক ররি কটেরিল একই ধরনের আরও দুটি প্রতারণামূলক ঘটনার অভিযোগ তুলেছিলেন। যদিও সেসব অভিযোগ নিয়ে ক্লাবটি কোনো মন্তব্য করেনি।
এদিকে বিবিসি লিগ কর্তৃপক্ষ ও সল্টবার্নের সঙ্গে যোগাযোগ করলেও কেউই তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হয়নি।