ইতালি জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে আলোচিত নাম আন্দ্রেয়া পিরলো। তবে ২০০৬ বিশ্বকাপজয়ী এই কিংবদন্তির সম্ভাব্য নিয়োগ এখন বিতর্কের মুখে। রাশিয়ার একটি অনলাইন জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে তার বাণিজ্যিক সম্পর্ক নিয়ে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনেও চলছে আলোচনা।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৪৭ বছর বয়সী পিরলোকে জেনারো গাত্তুসোর উত্তরসূরি হিসেবে এগিয়ে রাখা হচ্ছিল। কারণ, ম্যানচেস্টার সিটির সাবেক কোচ পেপ গার্দিওলা এই দায়িত্ব নিতে আগ্রহী নন। তবে রুশ অনলাইন জুয়া প্রতিষ্ঠান ফনবেটের বৈশ্বিক শুভেচ্ছাদূত হওয়ায় পিরলোর নিয়োগ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব ইউনাইটেড এফসির কোচ পিরলো। গত বছরের অক্টোবরে ফনবেটের সঙ্গে চুক্তি করার পর মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে একটি প্রচারণামূলক অনুষ্ঠানে অংশ নেন তিনি। ইতালির সাবেক সতীর্থ মার্কো মাতেরাজ্জিও সেখানে ছিলেন। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ চলাকালে এই উপস্থিতি ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
যদিও এফআইজিসি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি, তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে পিরলোর সম্পর্ক খতিয়ে দেখা হচ্ছে।
সমালোচনার জবাবে ইনস্টাগ্রামে পিরলো বলেন, ‘যে পেশাগত সম্পর্ক নিয়ে এখন বিতর্ক হচ্ছে, সেটি সংযুক্ত আরব আমিরাতে আমার কাজের অংশ ছিল। এটি শুধু একটি বাণিজ্যিক ও ক্রীড়াসংক্রান্ত চুক্তি।’
তিনি আরও বলেন, ‘এই বিষয়কে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করা ঠিক নয়। কারণ, এটি আমার কোনো ব্যক্তিগত বিশ্বাস বা রাজনৈতিক মতামত প্রকাশ করে না। একটি সাধারণ ক্রীড়াসংক্রান্ত সিদ্ধান্তকে এত দ্রুত রাজনৈতিক বিতর্কে পরিণত করায় আমি হতাশ।’
এদিকে ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট পিনা পিচিয়ের্নো সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আরেকটি ব্যর্থতা এবং আবারো বিশ্বকাপের মূল পর্বে উঠতে না পারার পর ইতালিয়ান ফুটবলের প্রয়োজন ছিল সাংস্কৃতিক, নৈতিক ও ব্যবস্থাপনাগত পরিবর্তন। আন্দ্রেয়া পিরলোকে বেছে নেওয়া ঠিক তার উল্টো বার্তা দেয়।’
অন্যদিকে ইতালির সিনেটের সভাপতি ইগনাজিও লা রুসসাও পিরলোর কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তবে দেশটির ক্রীড়া দৈনিক লা গাজেত্তা দেল্লো স্পোর্ট দাবি করেছে, নতুন কারিগরি পরিচালক পাওলো মালদিনি এখনো পিরলোর পক্ষেই আছেন। তবে শেষ পর্যন্ত নিয়োগ আটকে গেলে মালদিনি পদত্যাগও করতে পারেন।