নতুন মৌসুম শুরুর আর এক মাসও বাকি নেই। অথচ এখনো পর্যন্ত একজন নতুন খেলোয়াড়ও দলে ভেড়াতে পারেনি ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। এর পেছনের কারণ হিসেবে সামনে এসেছে ভয়াবহ আর্থিক সংকট। সৌদি সংবাদমাধ্যমের দাবি, ৮০ কোটি সৌদি রিয়াল বা প্রায় ৩ হাজার কোটি টাকার ঋণের চাপে কার্যত আটকে গেছে ক্লাবটির সব পরিকল্পনা।
সৌদি সংবাদপত্র ‘আররিয়াদিয়াহ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত মৌসুমের বিভিন্ন আর্থিক সিদ্ধান্তের কারণেই এই বিশাল ঋণের বোঝা তৈরি হয়েছে। এর প্রভাব ইতোমধ্যেই পড়েছে চলতি গ্রীষ্মকালীন দলবদল কার্যক্রমে।
রিয়াল মায়োর্কার পর্তুগিজ মিডফিল্ডার সামু কস্তাকে দলে নেওয়ার বিষয়ে সমঝোতা হলেও অর্থসংকটের কারণে চুক্তি এখনো চূড়ান্ত করতে পারেনি আল-নাসর। একই সঙ্গে আবদুর রহমান গারিবের চুক্তি নবায়নের বিষয়টিও ঝুলে আছে।
প্রতিবেদন অনুযায়ী, ক্লাবের মালিক সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড সংকট কাটাতে তিনটি পদক্ষেপ নিয়েছে। প্রথমত, ক্লাবের নির্বাহী ব্যবস্থাপনার আর্থিক ক্ষমতা সীমিত করা হয়েছে। ফলে ক্লাবের নিজস্ব আয় থেকে পর্যাপ্ত তারল্য তৈরি না হওয়া পর্যন্ত নতুন খেলোয়াড় সই করানো সম্ভব হবে না।
দ্বিতীয় পদক্ষেপ হিসেবে আর্থিক, বাণিজ্যিক ও আইনি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হচ্ছে। তাদের দায়িত্ব হবে বাণিজ্যিক আয় বাড়ানো, খরচ নিয়ন্ত্রণ করা এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে ক্লাবকে সংকট থেকে বের করে আনার পরিকল্পনা তৈরি করা।
তৃতীয় পদক্ষেপ হিসেবে আল নাসর কেনার সম্ভাব্য প্রস্তাবগুলোও যাচাই করছে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড। ইতোমধ্যে দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তাদের হাতে রয়েছে। তবে তারা চাইছে, মালিকানা হস্তান্তর হলেও সেটি যেন আংশিক হয়।
এদিকে সমর্থকদের বড় একটি অংশ দ্রুত এই সমাধান বাস্তবায়নের পক্ষে। তাদের আশা, চিরপ্রতিদ্বন্দ্বী আল-হিলালের মতো নতুন বিনিয়োগের মাধ্যমে আর্থিক সংকট কাটিয়ে আবারও শক্তিশালী দল গড়তে পারবে রোনালদোর ক্লাব।