অবশেষে চূড়ান্ত হলো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর তারিখ ও ভেন্যু। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের অন্যতম বড় এই আসর।
সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) আয়োজনে এবারের টুর্নামেন্টে অংশ নেবে অঞ্চলের সব সদস্য দেশ। দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশ আবারও আয়োজন করতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল প্রতিযোগিতা।
টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে আগামী ২৫ জুলাই ঢাকায় উন্মোচন করা হবে আসরের অফিশিয়াল লোগো। এরপর ১ আগস্ট ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ড্র।
সাফের মহাসচিব পুরুষোত্তম কাটেল জানান, ২০২৬ সালের আসরের তারিখ ও ভেন্যু ঘোষণা করতে পেরে তারা উচ্ছ্বসিত। তার মতে, বছরের পর বছর ধরে এই চ্যাম্পিয়নশিপ দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের জন্য তৈরি করেছে অসংখ্য স্মরণীয় মুহূর্ত।
বাংলাদেশকে আয়োজক হিসেবে পেয়ে তিনি আশা প্রকাশ করেন, দেশের ফুটবলের প্রতি বাড়তে থাকা আগ্রহের মধ্যে একটি সফল ও স্মরণীয় টুর্নামেন্ট উপহার দেবে বাংলাদেশ।
২০২৬ সালের সাফ চ্যাম্পিয়নশিপ হতে যাচ্ছে এই টুর্নামেন্টের ১৫তম সংস্করণ। ২০১৮ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশে ফিরছে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই বড় আসর। ফলে এবারের আয়োজন ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা।