ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে চার পরাশক্তি। তবে দর্শকদের আগ্রহের দিক থেকে দুই সেমিফাইনালের মধ্যে স্পষ্ট ব্যবধান দেখা যাচ্ছে। টিকিটের দামই বলে দিচ্ছে, ফ্রান্স-স্পেনের চেয়ে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে উন্মাদনা অনেক বেশি।
টিকিট ট্র্যাকিং সেবা ‘টিকিটডেটা ডটকম’-এর তথ্য অনুযায়ী, ডালাসে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হতে যাওয়া ফ্রান্স-স্পেন সেমিফাইনালের টিকিটের মূল্য বাংলাদেশ সময় সোমবার রাত ১০টা পর্যন্ত ছিল ১ হাজার ৩২৫ ডলার। গত তিন দিনে এই ম্যাচের টিকিটের দাম ২৬ শতাংশ কমেছে। অন্যদিকে বুধবার আটলান্টায় আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের টিকিটের দাম ছিল ২ হাজার ৫৩৭ ডলার, যা প্রথম সেমিফাইনালের তুলনায় প্রায় দ্বিগুণ।
শুরুর দিকে এই ম্যাচের টিকিটের দাম ছিল ২ হাজার ৮৪১ ডলার। ডাইনামিক প্রাইসিংয়ের কারণে গত তিন দিনে দাম ৩৪ শতাংশ পর্যন্ত বেড়েছিল। শনিবার সর্বোচ্চ ২ হাজার ৯৬৬ ডলারে পৌঁছানোর পর কিছুটা কমে বর্তমান অবস্থানে এসেছে।
বিশ্লেষকদের মতে, আটলান্টায় আর্জেন্টিনা সমর্থকদের বড় উপস্থিতিও এই চাহিদা বৃদ্ধির অন্যতম কারণ। মেজর লিগ সকারের ক্লাব আটলান্টা ইউনাইটেডে বড় একটি আর্জেন্টাইন সমর্থক গোষ্ঠী রয়েছে। এছাড়া আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক কোচ জেরার্ডো মার্টিনো বর্তমানে ক্লাবটির প্রধান কোচ।
এদিকে আগামী শনিবার মায়ামিতে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের টিকিটের দাম ১ হাজার ৫৪৩ ডলার, যা আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের তুলনায় অনেক কম।
সবচেয়ে বেশি দাম অবশ্য ফাইনাল ম্যাচের টিকিটের। আগামী রোববার নিউইয়র্কে অনুষ্ঠেয় শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিটের বর্তমান মূল্য ৬ হাজার ৭৬০ ডলার। যদিও গত ৭২ ঘণ্টায় এর দাম প্রায় ৬ শতাংশ কমেছে। গত বছরের অক্টোবরে একই টিকিটের আগাম মূল্য উঠেছিল সর্বোচ্চ ১৩ হাজার ৬৫০ ডলারে।