বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি ফ্রান্স ও স্পেন। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত এই মহারণ।
শুধু মাঠের লড়াই নয়, অর্থমূল্যের হিসাবেও এই সেমিফাইনাল বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচ। দুই দলের খেলোয়াড়দের সম্মিলিত বাজারমূল্য প্রায় ৩ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩৯ হাজার কোটি টাকারও বেশি।
বাজারমূল্যের দিক থেকে এগিয়ে রয়েছে ফ্রান্স। তাদের স্কোয়াডের মোট মূল্য প্রায় ১ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২১ হাজার ৭০০ কোটি টাকা। অন্যদিকে স্পেনের স্কোয়াডের বাজারমূল্য প্রায় ১ দশমিক ৪৩ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ হাজার ৪৫০ কোটি টাকা।
দুই দলেই রয়েছে বিশ্বের সবচেয়ে দামি তারকাদের কয়েকজন। স্পেনের তরুণ প্রতিভা লামিন ইয়ামালের বাজারমূল্য প্রায় ২৩৪ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৮৫০ কোটি টাকা। অন্যদিকে ফ্রান্সের প্রাণভোমরা কিলিয়ান এমবাপ্পের বাজারমূল্য প্রায় ২১০ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৫৬০ কোটি টাকা।
এ ছাড়া ফ্রান্সের মাইকেল অলিসে ও স্পেনের পেদ্রির বাজারমূল্যও প্রায় ১৭৫ মিলিয়ন মার্কিন ডলার করে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ হাজার ১৩৫ কোটি টাকা। তবে কাগজে-কলমের এই হিসাব সেমিফাইনালের মাঠে কোনো প্রভাব ফেলবে না বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। কারণ বিশ্বকাপের শেষ চারে এসে জয়ের জন্য লড়বে দুটি দলই।
একদিকে ফ্রান্সের লক্ষ্য টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠা, অন্যদিকে স্পেনের লক্ষ্য নিজেদের শক্তির প্রমাণ দিয়ে শিরোপার আরও কাছে যাওয়া। তাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফুটবলপ্রেমীরা অপেক্ষা করছেন তারকাখচিত এক মহারণের জন্য।