বিশ্বকাপে চরম ব্যর্থতার পর নতুন করে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনায় জার্মানি জাতীয় ফুটবল দল। সেই পুনর্গঠনের নেতৃত্বে আসতে যাচ্ছেন আধুনিক ফুটবলের অন্যতম সফল কোচ ইয়ুর্গেন ক্লপ। বিশ্বস্ত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, জার্মানির নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে ইতিবাচক সাড়া দিয়েছেন তিনি।
২০২৬ বিশ্বকাপে আকস্মিক ও হতাশাজনক বিদায়ের পর জার্মানি শিবিরে বড় পরিবর্তন শুরু হয়। শেষ ৩২-এর ম্যাচে প্যারাগুয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর কোচ জুলিয়ান নাগেলসম্যানের সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তার অধ্যায় শেষ হয়।
এরপর থেকেই জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) প্রধান লক্ষ্য হয়ে ওঠেন ক্লপ। দীর্ঘদিন ধরেই তাকে দল পুনর্গঠনের ‘নম্বর ওয়ান’ পছন্দ হিসেবে বিবেচনা করা হচ্ছিল।
রোমানোর প্রতিবেদনে বলা হয়েছে, ক্লপ ইতোমধ্যে প্রস্তাবটি গ্রহণে সম্মতি জানিয়েছেন। এখন চলছে চুক্তির মেয়াদ, দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং রেড বুল গ্রুপের গ্লোবাল ফুটবল ডিরেক্টরের পদ থেকে তার সরে আসার আনুষ্ঠানিক প্রক্রিয়া।
ক্লপ নিজেও এই দায়িত্ব নিতে আগ্রহী বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন। জার্মান গণমাধ্যম ‘ম্যাজেন্টা টিভি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি এখন সম্পূর্ণ রিচার্জড এবং প্রস্তুত। আমাদের অনেক আলোচনা করতে হবে, কারণ জাতীয় দলের এই সমস্যাগুলো আজকের নয়, অনেক পুরনো। তবে আমি এই চ্যালেঞ্জ নিতে মানসিকভাবে প্রস্তুত।’
২০২৩/২৪ মৌসুম শেষে লিভারপুল ছাড়ার পর কিছুটা বিরতি নেন ক্লপ। পরে ২০২৫ সালের জানুয়ারিতে তিনি রেড বুল গ্রুপের গ্লোবাল ফুটবল ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেন।
তবে রোমানোর তথ্য অনুযায়ী, সেই চুক্তিতে বিশেষ ‘রিলিজ ক্লজ’ রাখা ছিল, যা অনুযায়ী জাতীয় দলের প্রস্তাব এলে তিনি দায়িত্ব ছাড়তে পারবেন। সেই শর্তের ভিত্তিতেই এখন জার্মান ডাগআউটে ক্লপের বসা প্রায় নিশ্চিত বলেই জানা যাচ্ছে।
সব মিলিয়ে, ব্যর্থতার ধাক্কা সামলে নতুন যুগের শুরু করতে যাচ্ছে জার্মানি, আর সেই নতুন যুগের কেন্দ্রবিন্দুতে থাকছেন ইয়ুর্গেন ক্লপ।