অবশেষে গুঞ্জনের অবসান। আবারও পাকিস্তান টেস্ট দলের নেতৃত্বে ফিরলেন বাবর আজম। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে তাকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক প্যানেল।
প্রায় তিন বছর আগে বাবর আজমকে সরিয়ে টেস্ট অধিনায়কত্ব দেওয়া হয়েছিল শান মাসুদকে। তবে সময়ের সঙ্গে সেই সিদ্ধান্ত যে কার্যকর হয়নি, সেটাই স্পষ্ট হয়ে উঠেছে। মাসুদের অধীনে ১৬ টেস্টের মধ্যে ১২টিতে হারতে হয়েছে পাকিস্তানকে, যা টেস্ট ইতিহাসে বিরল এক ব্যর্থতার নজির।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে পাকিস্তানে নেতৃত্ব পরিবর্তন
সবশেষ গত মে মাসে বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। ধারাবাহিক ব্যর্থতার পর শেষ পর্যন্ত নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় শান মাসুদকে।
বাবর আজমকে আবার অধিনায়ক করার সিদ্ধান্ত প্রসঙ্গে নির্বাচক আকিব জাভেদ বলেন, ‘আজমকে আমাদের নতুন টেস্ট অধিনায়ক করা হয়েছে, কারণ আমরা মনে করি মাসুদ প্রত্যাশা অনুযায়ী নেতৃত্ব দিতে পারেননি। নির্বাচক কমিটি আলোচনা করেছে কে পাকিস্তানকে সেরা নেতৃত্ব দিতে পারে। আমাদের মতে বাবর আজমই সবচেয়ে ভালো বিকল্প।’
নতুন দায়িত্ব নিয়ে সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাবরের জন্য। আগামী ২৫ জুলাই ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২ আগস্ট, পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে।
ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে ইংল্যান্ডে যাবে পাকিস্তান দল। সেখানে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা।
পাকিস্তানের টেস্ট দল
বাবর আজম (অধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ ফজল, আলি উসমান, আজান আওয়াইস, ইমাম-উল-হক, খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আলী, মোহাম্মদ রিজওয়ান, আওয়াইস জাফর, গাজী ঘোরি, সাজিদ খান, সালমান আগা, শান মাসুদ, উবায়েদ শাহ, সৌদ শাকিল (ইংল্যান্ড সিরিজের জন্য ফিটনেস সাপেক্ষে)।