বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। টেক্সাসের ঐতিহাসিক কাইল ফিল্ডে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল। আর্জেন্টিনার হয়ে গোল করেছেন লাউতারো মার্টিনেজ ও জিউলিয়ানো সিমিওনে।
তবে জয়ের আনন্দের মধ্যেও আর্জেন্টিনা শিবিরে এখন বড় চিন্তা চোট। অধিনায়ক লিওনেল মেসি চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি। যদিও মেসিকে নিয়ে খুব বেশি উদ্বেগ নেই, তবে দলের কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারের ফিটনেস নিয়ে চিন্তায় আছেন স্কালোনিরা।
এরই মধ্যে অনুশীলনে চোট পেয়ে দল থেকে ছিটকে গেছেন সেন্ট্রাল ব্যাক লিওনার্দো বালের্দি। ধারণা করা হচ্ছিল, দ্রুতই তাঁর বিকল্প ডিফেন্ডারের নাম ঘোষণা করা হবে। কিন্তু ম্যাচ শেষে স্কালোনির মন্তব্যে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে।
হন্ডুরাসের বিপক্ষে জয়ের পর স্কালোনি জানান, দলের অনেক খেলোয়াড় এখনো শতভাগ ফিট নন। তাই বালের্দির বদলে শুধু একজন সেন্ট্রাল ব্যাক নেওয়া হবে, এমনটা নিশ্চিত নয়। পুরো দলের প্রয়োজন বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আর্জেন্টিনা এখন আগামী মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করবে। আইসল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের পর খেলোয়াড়দের শারীরিক অবস্থা যাচাই করে স্কোয়াডে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হবে।
নিকো পাজ এবং হুলিয়ান আলভারেজকে নিয়ে অবশ্য আশার খবর আছে। চোট কাটিয়ে তারা প্রায় সুস্থ এবং বিশ্বকাপ দলে থাকা নিয়ে সংশয় নেই। তবে লিয়ান্দ্রো পারেদেস, গনসালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা এবং নিকো গঞ্জালেসের চোট আর্জেন্টিনার জন্য বড় দুশ্চিন্তা হয়ে আছে।
আগামী ১৬ জুন আর্জেন্টিনার প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগে চূড়ান্ত দল জমা দেওয়ার শেষ সময়। তাই আইসল্যান্ড ম্যাচই বলে দিতে পারে, চোটজর্জর এই ফুটবলাররা শেষ পর্যন্ত স্কোয়াডে টিকে থাকবেন কি না।