আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) দুই সদস্যের প্রতিনিধিদল গত পরশু (২ মে) ঢাকা সফর করেছে। সফরে বিসিবির বর্তমান পরিস্থিতি, সাম্প্রতিক পরিবর্তন এবং নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কথা বলেছেন তারা।
ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘আইসিসির দুই সদস্যের একটি প্রতিনিধিদল, যার সদস্য ছিলেন আইসিসি বোর্ড পরিচালক ড. মোহাম্মদ এ এস মোসাজে (ক্রিকেট দক্ষিণ আফ্রিকা) এবং তাভেঙ্গওয়া মুখুহলানি (জিম্বাবুয়ে ক্রিকেট) সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। সফরের উদ্দেশ্য ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক বিভিন্ন উন্নয়ন পর্যালোচনা করা এবং এ বিষয়ে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করা। প্রতিনিধিদলটি যথাসময়ে তাদের পর্যবেক্ষণ ও অনুসন্ধানের ফলাফল আইসিসি বোর্ডের কাছে জমা দেবে। এ বিষয়ে তারা সংবাদমাধ্যমে কোনো মন্তব্য করবে না।’
এর আগে বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবালের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ৩১ মে জানিয়েছিল, ৭ জুনের বোর্ড নির্বাচন পর্যবেক্ষণ করতে ঢাকায় আসার কথা আইসিসির প্রতিনিধিদলের। তবে আইসিসির বিজ্ঞপ্তির ভাষা অনুযায়ী, তাদের সফরের মূল উদ্দেশ্য ছিল বিসিবির সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা এবং অংশীজনদের সঙ্গে মতবিনিময় করা।
ঢাকায় এসে আইসিসির দুই প্রতিনিধি আগের বোর্ডের কয়েকজন পরিচালকের সঙ্গেও বৈঠক করেন। এম নাজমুল ইসলাম, আহসান ইকবাল চৌধুরী জামান, আসিফ আকবর ও মোহাম্মদ হাসানুজ্জামান তিন ঘণ্টা ধরে তাদের সঙ্গে কথা বলেন।
আগের বোর্ডের পরিচালকেরা আইসিসির কাছে দাবি জানিয়েছেন, তাদের অভিযোগ ও আইনি যুক্তিগুলো যথাযথভাবে বিবেচনা করতে হবে। একই সঙ্গে অ্যাডহক কমিটির অধীনে অনুষ্ঠিত কোনো নির্বাচনকে স্বীকৃতি না দেওয়ার দাবিও জানিয়েছেন তারা।
৭ এপ্রিল বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে জাতীয় ক্রীড়া পরিষদ অ্যাডহক কমিটি গঠন করে। এরপর ৭ জুনের নির্বাচনকে ঘিরে বিসিবির ভেতরে নতুন করে আলোচনা তৈরি হয়। নির্বাচনের আগেই অনেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হওয়ায় বিষয়টি আরও আলোচনায় আসে।
এখন সবার দৃষ্টি আইসিসির প্রতিবেদনের দিকে। বিসিবির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ক্রিকেটের অভিভাবক সংস্থা কী পর্যবেক্ষণ দেয়, সেটিই হতে পারে বাংলাদেশ ক্রিকেট প্রশাসনের পরবর্তী বড় আলোচনার কেন্দ্র।