যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বাংলাদেশি ক্রিকেটার আল-আমিন ও তার পরিবার। বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই দুর্ঘটনার খবর জানিয়েছেন তিনি।
পোস্টে আল-আমিন জানান, যুক্তরাষ্ট্রের হাইওয়েতে যাত্রাপথে তিনি, তার স্ত্রী ও সন্তান সড়ক দুর্ঘটনার শিকার হন। তবে তিনি ও তার সন্তান সুস্থ আছেন।
আল-আমিন লিখেছেন, ‘আমেরিকার হাইওয়েতে যাত্রাপথে আমি, আমার স্ত্রী ও সন্তান একটি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছি। আলহামদুলিল্লাহ, আমি ও আমার সন্তান সুস্থ আছি। তবে আমার স্ত্রী কিছুটা আহত হয়েছেন। সবাই আমার স্ত্রীর দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।’
দুর্ঘটনার পর আল-আমিনের স্ত্রীর আঘাতের বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার পরিবারের জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছেন।
তবে দুর্ঘটনাটি যুক্তরাষ্ট্রের কোন এলাকায় ঘটেছে কিংবা তার স্ত্রীর আঘাত কতটা গুরুতর, সে বিষয়ে পোস্টে বিস্তারিত কিছু জানানো হয়নি।