টেস্ট ক্রিকেটে এখন থেকে দুই দলের সম্মতিতে আলোকস্বল্পতায় দিনের আলোতেও গোলাপি বল ব্যবহার করা যাবে। সোমবার (১ জুন) ভারতের আহমেদাবাদে হওয়া বোর্ড সভায় প্রধান নির্বাহীদের কমিটির সুপারিশে এ সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে আইসিসি।
এ ছাড়া আলোকস্বল্পতার কারণে যেন সময় নষ্ট না হয়, এ জন্য গবেষণার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ফ্লাডলাইট, আলো পরিমাপের ব্যবস্থা, সেন্সর ও অন্যান্য আধুনিক আলোকসজ্জাপ্রযুক্তি নিয়ে গবেষণায় আইসিসির সঙ্গে মেরিলিবোন ক্রিকেট ক্লাবও (এমসিসি) অর্থায়ন করবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রধান কোচ পানি পানের বিরতির সময় খেলোয়াড়দের সঙ্গে সরাসরি আলোচনা করতে পারবেন। টি-টুয়েন্টি ম্যাচে দুই ইনিংসের বিরতি ১৫ মিনিট করা হয়েছে। এ ছাড়া এমসিসির নেওয়া সর্বশেষ সিদ্ধান্তগুলো, যেমন দিনের শেষ ওভারে কেউ আউট হলে খেলা সেখানেই না থামিয়ে ওই ওভার শেষ করা, বানি হপ ক্যাচ, এসব কার্যকর করা হবে।
সন্দেহজনক বোলিং অ্যাকশনের ক্ষেত্রেও নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। এখন কোনো বোলারের অ্যাকশন রিপোর্ট করার বিষয় বিবেচনার সময় ম্যাচ কর্মকর্তারা হক-আই-এর তথ্য ব্যবহার করতে পারবেন।
নারী ক্রিকেট নিয়েও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে আইসিসির সর্বশেষ বোর্ড সভায়। ২০২৭ সালের নারী চ্যাম্পিয়নস ট্রফি জুন-জুলাই থেকে এগিয়ে এখন ওই বছরেরই ১৪-২৮ ফেব্রুয়ারি আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
২০২৮ সালের নারী বিশ্বকাপের দল ১০ থেকে বাড়িয়ে ১২টি করা হচ্ছে। র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল ও স্বাগতিক দেশ সরাসরি বিশ্বকাপ খেলবে। স্বাগতিক দেশ আগেই কোয়ালিফাই করে ফেললে র্যাঙ্কিংয়ের পরের শীর্ষ দলগুলো বিশ্বকাপে জায়গা পাবে। বাকি দুটি দল আসবে ১০ দলের বাছাইপর্ব খেলে।
এ সময় বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ক্রিকেট বোর্ডের নির্বাচনে প্রতিনিধি পাঠানোর কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আইসিসি। এই প্রতিনিধিরা হলেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ড. মোহাম্মদ মোসাজে ও জিম্বাবুয়ের তেবাঙ্গা মুকুলআনি। তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন ও বর্তমান পরিস্থিতি নিয়ে অংশীজনদের সঙ্গে কথা বলবেন। এ ছাড়া শ্রীলঙ্কার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যাবেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা ও দেবজিৎ সাইকিয়া।
আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের বৈশ্বিক বাছাইপর্ব কীভাবে হবে, সেটিও চূড়ান্ত করেছে আইসিসি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ক্রমবর্ধমান বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তারা। বর্তমান কাঠামোর মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের সূচির সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে কীভাবে আরও সমন্বয় করা যায়, তা মূল্যায়নের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে আহমেদাবাদের বোর্ড সভায়।
তবে জানা গেছে, নতুন নিয়ম কার্যকর করার আনুষ্ঠানিক প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি। ফলে ৪ জুন শুরু হতে যাওয়া ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজে এর প্রয়োগ করা হবে না।