বিশ্বকাপের আগে দল গোছানোর কাজ প্রায় শেষ করে ফেলেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তবে চূড়ান্ত দল ঘোষণার আগে বাড়তি সতর্কতা অবলম্বন করতে চান বিশ্বকাপজয়ী এই কোচ। সম্ভাব্য চোটের ঝুঁকি মাথায় রেখে নির্ধারিত ২৬ জনের বাইরে আরও কয়েকজন ফুটবলারকে প্রস্তুতি ক্যাম্পে ডাকতে যাচ্ছেন তিনি।
সূত্রের বরাতে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মে মাসের শেষ সপ্তাহে এজেইজায় প্রস্তুতি ক্যাম্প শুরু করবে আর্জেন্টিনা। এরপর যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপের মূল প্রস্তুতি নেবে লা আলবিসেলেস্তেরা। ফিফার নিয়ম অনুযায়ী আগামী ৩০ মের মধ্যেই বিশ্বকাপের চূড়ান্ত দল জমা দিতে হবে।
স্কালোনির এই পরিকল্পনার পেছনে বড় কারণ ২০২২ কাতার বিশ্বকাপের তিক্ত অভিজ্ঞতা। সেই আসরের ঠিক আগে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন নিকোলাস গঞ্জালেস এবং জোয়াকিম কোরেয়া। পরে জরুরি ভিত্তিতে দলে নেওয়া হয়েছিল অ্যাঞ্জেল কোররেয়রা এবং থিয়াগো আলমাদাকে। এবার তাই আগেভাগেই বিকল্প প্রস্তুত রাখতে চাইছেন আর্জেন্টাইন কোচ।
বিশেষ করে উইঙ্গার পজিশনে নতুন বিকল্প খুঁজছেন স্কালোনি। সম্ভাব্য চমক হিসেবে আলোচনায় এসেছে এমিলিয়ানো বুয়েন্দিয়া এবং মাথিয়াস সুলের নাম। অ্যাস্টন ভিলার হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো বুয়েন্দিয়াকে সর্বশেষ আর্জেন্টিনা দলে দেখা গেছে ২০২৫ সালের নভেম্বরে। অন্যদিকে রোমার তরুণ ফরোয়ার্ড সুলে এখনও জাতীয় দলের অভিষেকের অপেক্ষায় আছেন।
বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ৬ জুন টেক্সাসের কাইল ফিল্ডে হন্ডুরাসের মুখোমুখি হবে তারা। এরপর ৯ জুন আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।
১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে ‘জে’ গ্রুপে পড়েছে আর্জেন্টিনা। গ্রুপে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্কালোনির দল।