বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ততই স্পেন শিবিরে লামিনে ইয়ামালকে ঘিরে দুশ্চিন্তা বাড়ছিল। ক্লাব মৌসুমের শেষ দিকে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে এই তরুণ উইঙ্গারকে নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে সবশেষ খবরে স্বস্তি ফিরেছে কোচ লুইস দে লা ফুয়েন্তে ও সমর্থকদের মাঝে।
ইনজুরি থেকে দ্রুত সেরে উঠছেন ইয়ামাল। ধারণা করা হচ্ছে, ফিফা বিশ্বকাপে খেলতে সম্পূর্ণ ফিট থাকবেন তিনি। হ্যামস্ট্রিংয়ের এই ধরনের চোট সাধারণত হালকা হলে এক মাস এবং গুরুতর হলে তিন মাস পর্যন্ত মাঠের বাইরে রাখে, তাই শুরুতে তার অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।
বিশ্বকাপের আগে তার এই ইনজুরি স্পেনের পরিকল্পনায় বড় ধাক্কার মতো মনে হলেও পরিস্থিতি এখন অনেকটাই ইতিবাচক। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’ জানিয়েছে, বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের মেডিক্যাল স্টাফরা গত শুক্রবার ক্লাবের ট্রেনিং ফ্যাসিলিটিতে ইয়ামালকে পর্যবেক্ষণ করেছেন এবং রিপোর্ট ছিল আশাব্যঞ্জক।
শুরুতে তাকে ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু তিনি প্রত্যাশার চেয়েও দ্রুত সুস্থ হয়ে উঠছেন। মেডিক্যাল টিম এখন বিশ্বাস করছে, কোনো জটিলতা না থাকলে বিশ্বকাপে খেলতে কোনো বাধা থাকবে না।
তবে স্পেন শিবির ঝুঁকি নিতে চায় না। ইরাক ও পেরুর বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচে তাকে না খেলানোর সিদ্ধান্ত প্রায় নিশ্চিত। আগে ধারণা ছিল, উরুগুয়ের বিপক্ষে গ্রুপের তৃতীয় ম্যাচের আগে তাকে পাওয়া যাবে না।
কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে, ১৫ জুন কেপভার্দের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচেই স্পেন দলে ফিরতে পারেন ইয়ামাল।