২০২৬ সালের বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন গঠন করেছে বোর্ড। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
আসন্ন এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। কমিশনের অন্য দুই সদস্য হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপ-সচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ. বি. এম. এহসানুল মামুন।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যমান নিয়ম ও বিধিমালা অনুসরণ করেই ২০২৬ সালের বোর্ড নির্বাচনের পুরো কার্যক্রম পরিচালনা ও তদারকি করবে এই কমিশন। নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে ইতোমধ্যে কাউন্সিলরদের কাছে চিঠি পাঠানো হয়েছে। কাউন্সিলর তালিকা জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ তারিখ।
এবারের নির্বাচনকে ঘিরে ক্রিকেট অঙ্গনে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে। কারণ, দেশের ক্রিকেট প্রশাসনের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণে এই নির্বাচনকে বেশ গুরুত্বপূর্ণ হিসেবেই দেখা হচ্ছে।