অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে নতুন এক ইতিবাচক খবর পেল বাংলাদেশ ক্রিকেট। আসন্ন সিরিজ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে জনপ্রিয় অটোমোবাইল ব্র্যান্ড চেরি। এই চুক্তির মাধ্যমে সিরিজটির অফিসিয়াল অটোমোটিভ পার্টনার হিসেবে যুক্ত হলো প্রতিষ্ঠানটি।
সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে, সিরিজে সেরা পারফর্ম করা বাংলাদেশি ক্রিকেটারকে বিশেষ পুরস্কার হিসেবে একটি গাড়ি দেবে চেরি। বিষয়টিকে দেশের ক্রিকেটের জন্য বড় ইতিবাচক দিক হিসেবেই দেখছেন তামিম ইকবাল।
সংবাদ সম্মেলনে বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল বলেন, ‘সামনে যে অস্ট্রেলিয়া সিরিজ হবে, এখানে 'বেস্ট ভ্যালুয়েবল বাংলাদেশি ক্রিকেটারকে একটা গাড়ি দেবে চেরি। আমার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। চেরির মতো ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটের সাথে অ্যাসোসিয়েট হওয়া, বিশেষত গত এক দেড় বছর সম্ভবত শেষ দুই বছরে যে সুনাম নষ্ট হয়েছিল বিসিবির, ওই জায়গা থেকে বের হয়ে এসে চেরির মতো ব্র্যান্ডদের আসা শুরু হয়েছে। গত সিরিজেও দেখেছেন যে কিছু বাইক কোম্পানি, প্লাস এখন দেখছেন যে ই-বাইকের কিছু কোম্পানিগুলো আসছে। বিসিবি জন্য এটা ইতিবাচক দিক।’
তিনি আরও বলেন, ‘এরকম বড় বড় কোম্পানি যতটুক বাংলাদেশ ক্রিকেটের সাথে অ্যাসোসিয়েট হওয়া শুরু হবে, এটা আমাদের ক্রিকেটের জন্য বেটার প্লাস আমাদের ক্রিকেটারদেরও একটা ইনসেন্টিভস দেওয়া কোনো সিরিজে ভালো করার জন্য।’
বিসিবির পক্ষ থেকেও এই অংশীদারিত্বকে স্বাগত জানানো হয়েছে। বোর্ডের আশা, বড় বড় করপোরেট প্রতিষ্ঠানের সম্পৃক্ততা দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে। পাশাপাশি ক্রিকেটারদের পারফরম্যান্সেও বাড়তি অনুপ্রেরণা যোগাবে এমন উদ্যোগ।