মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে হঠাৎই আলোচনার কেন্দ্রে হার্দিক পান্ডিয়া। টানা দুই ম্যাচে একাদশে না থাকায় ভক্তদের মধ্যে তৈরি হয় নানা প্রশ্ন। সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয় ব্যাপক আলোচনা ও জল্পনা।
অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মুম্বাইয়ের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে। তিনি জানিয়েছেন, পিঠের সমস্যায় ভুগছেন হার্দিক। বর্তমানে দলের মেডিক্যাল ইউনিট তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
কোচের ভাষ্য অনুযায়ী, চোট আরও গুরুতর হওয়ার ঝুঁকি এড়াতেই বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে বিশ্রামে রাখা হয়েছিল ভারতীয় এই অলরাউন্ডারকে। হার্দিকের অনুপস্থিতিতে আপাতত দলের নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব।
এর মধ্যেই নতুন করে আলোচনার জন্ম দেয় হার্দিকের সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ঘটনা। আইপিএলে মুম্বাইয়ের প্লে-অফের স্বপ্ন শেষ হওয়ার পর ইনস্টাগ্রামে দলকে আনফলো করেছিলেন তিনি। পরে অবশ্য আবার মুম্বাই ইন্ডিয়ান্সের অফিসিয়াল পেজ ফলো করেন হার্দিক।
একদিকে চোট, অন্যদিকে সামাজিক মাধ্যমে আচমকা এমন পদক্ষেপ; সবমিলিয়ে মুম্বাই শিবিরে হার্দিককে ঘিরে আলোচনা যেন থামছেই না।