বিশ্বকাপের উত্তাপ ছড়াতে শুরু করেছে ফুটবল দুনিয়ায়। আর মাত্র কয়েক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে গড়াবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ। সেই মহাযজ্ঞকে সামনে রেখে দল গোছানোর শেষ ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দেশগুলো।
প্রাথমিক স্কোয়াড ঘোষণার শেষ দিনে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দিয়েছে ৫৫ সদস্যের বিশাল তালিকা। এই প্রাথমিক দল থেকেই শেষ পর্যন্ত বেছে নেওয়া হবে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড, যারা বিশ্বকাপ খেলতে উড়াল দেবে মার্কিন মুল্লুকে।
তবে ঘোষিত স্কোয়াডে সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে পাউলো দিবালার অনুপস্থিতি। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে গুরুত্বপূর্ণ গোল করা এই তারকা ফরোয়ার্ড জায়গা পাননি প্রাথমিক তালিকাতেই। ফলে বিশ্বকাপ দলে থাকা নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা।
সবশেষ কাতার বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড থেকে এবার কেবল দিবালাই বাদ পড়েছেন। আর নতুন মুখদের মধ্যে সবচেয়ে বেশি চমক দেখিয়েছেন তরুণ গোলরক্ষক সান্তিয়াগো বেলট্রান। রিভার প্লেটের এই ফুটবলার জায়গা করে নিয়েছেন ছয় গোলরক্ষকের তালিকায়।
এ ছাড়া বোকা জুনিয়র্সের লাউতারো দিললো ও হেতাফের জাইদ রোমেরোও জায়গা পেয়েছেন আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াডে। তরুণদের সুযোগ দিয়ে ভবিষ্যতের দল গড়ার বার্তাও যেন স্পষ্ট করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত ৫৫ জনের এই বিশাল তালিকা থেকে কারা জায়গা করে নেন বিশ্বকাপের চূড়ান্ত ২৬ সদস্যের দলে।