আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর মাঠের বাইরে বড় বিতর্কে জড়ালেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে এবার আদালতের মুখোমুখি হতে হচ্ছে এই তারকা ক্রিকেটারকে।
বৃহস্পতিবার (৭ মে) সিডনির একটি আদালতে শুনানি শেষে ওয়ার্নারের আইনজীবী ববি হিল জানান, ‘আমি নিশ্চিত করছি যে, ডেভিড মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ভার গ্রহণ করবে। আমাদের মধ্যে অনেকেই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। তবে গুরুত্বপূর্ণ হলো সেই ভুলের দায়বদ্ধতা স্বীকার করা।’
আদালতের নথিপত্রে উঠে এসেছে, গত এপ্রিলে সিডনিতে নির্ধারিত সীমার প্রায় দ্বিগুণ অ্যালকোহল নিয়ে গাড়ি চালাচ্ছিলেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। পুলিশ দৈবচয়ন ভিত্তিতে শ্বাস পরীক্ষা চালানোর সময় একটি চেকপোস্টের ঠিক আগেই নিজের ভ্যান থামান ওয়ার্নার। তখনই সন্দেহ হলে তাকে পরীক্ষা করা হয় এবং অভিযোগের সত্যতা মেলে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
ওয়ার্নারের পক্ষে কথা বলতে গিয়ে তার আইনজীবী আরও বলেন, ‘আপনি একজন সাধারণ শ্রমিক হন, ডাক্তার হন কিংবা বিশ্বের অন্যতম সেরা ওপেনিং ব্যাটার, এই ঝুঁকি সবার জন্যই সমান। নিজের সামর্থ্য বিচার করতে গিয়ে এই বিপদ যে কারোরই হতে পারে।’
তবে আলোচিত এই শুনানিতে সশরীরে উপস্থিত ছিলেন না ওয়ার্নার। ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে সিডনি থান্ডারের অধিনায়ক স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী এখনও আনুষ্ঠানিক কোনো আবেদনও জমা দেননি। আদালত পরবর্তী শুনানির দিন ঠিক করেছে আগামী ২৪ জুন।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পর নতুন জীবন শুরু করেছিলেন ওয়ার্নার। কিন্তু এবার আইনি জটিলতায় পড়ে ক্যারিয়ারের শেষ অধ্যায়ে নতুন বিতর্কের জন্ম দিলেন এই অস্ট্রেলীয় তারকা।