হোসে মরিনহো আবারও ফিরছেন সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদে! এমন গুঞ্জনে কয়েকদিন ধরেই সরগরম ফুটবল দুনিয়া। স্প্যানিশ মিডিয়াগুলো তো একধাপ এগিয়ে সম্ভাব্য চুক্তির মেয়াদ, দরদাম; সবকিছু নিয়েই বিশদ আলোচনা শুরু করে দিয়েছে। অনেকেই ধরে নিয়েছিলেন, সান্তিয়াগো বার্নাব্যুতে আবারও দেখা যাবে ‘স্পেশাল ওয়ান’-কে।
এই গুঞ্জনের পেছনে যুক্তিও কম নয়। রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে মরিনহোর সুসম্পর্ক, আর সাম্প্রতিক ব্যর্থতার পর ক্লাবটির একজন অভিজ্ঞ ও প্রমাণিত কোচের প্রয়োজন। সব মিলিয়ে খবরটি অনেকের কাছেই বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল।
তবে শেষ পর্যন্ত নিজেই মুখ খুলে সব জল্পনায় পানি ঢাললেন মরিনহো। রিয়াল মাদ্রিদের ডাগআউটে ফেরার প্রসঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, এখন পর্যন্ত কোনো ধরনের যোগাযোগই হয়নি দুই পক্ষের মধ্যে। এমনকি নিজের পক্ষ থেকেও তিনি কোনো উদ্যোগ নেননি।
২০২৫-২৬ মৌসুমটা রিয়াল মাদ্রিদের জন্য মোটেও সুখকর নয়। বড় কোনো শিরোপা ছাড়াই মৌসুম শেষের পথে। লা লিগায় এখনও গাণিতিকভাবে টিকে থাকলেও শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান অনেকটাই। অঘটন না ঘটলে শিরোপা চলে যাচ্ছে কাতালানদের ঘরেই।
ইউরোপের মঞ্চেও হতাশা। চ্যাম্পিয়নস লিগে দুই লেগেই বায়ার্ন মিউনিখের কাছে হেরে বিদায় নিতে হয়েছে কিলিয়ান এমবাপেদের। ফলে স্বাভাবিকভাবেই এখন এমন একজন কোচের খোঁজে রিয়াল, যিনি বড় মঞ্চে সাফল্য এনে দিতে পারবেন।
এই পরিস্থিতিতে আবারও সামনে আসে মরিনহোর নাম, যিনি এর আগে রিয়ালকে শিরোপা জিতিয়েছেন এবং বড় ম্যাচের কোচ হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। তবে মঙ্গলবার প্রথমে এ বিষয়ে চুপ থাকলেও শুক্রবার সংবাদ সম্মেলনে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।
তার ভাষায়, ‘না, রিয়াল মাদ্রিদের কেউ আমার সঙ্গে কথা বলেনি। এটা আপনাদের নিশ্চিত করে বলতে পারি। ফুটবলের সঙ্গে বহু বছর ধরে আছি আমি, ঠিক যেমন আপনারা সাংবাদিকতায়। এসবের সঙ্গে আমরা অভ্যস্ত, কিন্তু রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে কিছুই আসেনি।’