নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেটে বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন এখন আইনি চ্যালেঞ্জের মুখে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পর্যালোচনা পর্ষদ ভেঙে দেওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদ গঠন করে নতুন অ্যাডহক কমিটি, যার বৈধতা নিয়ে এবার আদালতে গড়াল বিতর্ক।
গত ৭ এপ্রিল গঠিত ১১ সদস্যের এই অ্যাডহক কমিটির নেতৃত্বে আছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এই কমিটি সাময়িকভাবে বিসিবির কার্যক্রম পরিচালনার দায়িত্ব পেয়েছে। কিন্তু সেই সিদ্ধান্তের বৈধতা নিয়েই এবার রিট দায়ের করেছেন অ্যাডভোকেট গোলাম কিবরিয়াসহ ৭ জন আইনজীবী। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দায়ের করা এই রিটে নতুন কমিটিকে অবৈধ ঘোষণা করার নির্দেশনা চাওয়া হয়েছে।
নতুন অ্যাডহক কমিটির সদস্যদের মধ্যে আছেন মিনহাজুল আবেদীন, আতহার আলী খানসহ আরও কয়েকজন পরিচিত ক্রিকেট সংগঠক ও সাবেক খেলোয়াড়।
জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে, তাদের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রিট দায়েরের পর বিষয়টি এখন আইনি প্রক্রিয়ায় প্রবেশ করায় বিসিবির ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।