চলমান উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে রুদ্ধশ্বাস এক প্রথম লেগের পর জয় পেয়েছে পিএসজি। নিজেদের মাঠে বায়ার্ন মিউনিখকে ৫-৪ গোলে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে গেছে ফরাসি জায়ান্টরা। তবে এই আনন্দের মাঝেই এসেছে বড় দুঃসংবাদ ফিরতি লেগে দল পাচ্ছে না তাদের অন্যতম ভরসা আশরাফ হাকিমিকে।
ঊরুর চোটে পড়েছেন মরক্কোর এই ডান-ব্যাক, ফলে আগামী বুধবারের গুরুত্বপূর্ণ ম্যাচে তার খেলা নিশ্চিতভাবে হচ্ছে না; এ তথ্য নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। প্রথম লেগে কোনরাড লেইমারের সঙ্গে সংঘর্ষে চোট পান হাকিমি। বদলি করার সুযোগ না থাকায় তিনি শেষ পর্যন্ত চোট নিয়েই ম্যাচ চালিয়ে যান। সেই ম্যাচেই তার অ্যাসিস্ট থেকে গোল করেন খিচা কাভারেস্খেলিয়া।
পিএসজির বিবৃতিতে জানানো হয়েছে, ডান ঊরুর চোটে হাকিমিকে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। একই কারণে দলে আরও বড় ধাক্কা লেগেছে, অনুশীলনের সময় চোট পেয়েছেন গোলরক্ষক লুকাস শেভেলিয়ারও, তিনিও কয়েক সপ্তাহের জন্য অনুপস্থিত থাকবেন।
এই চোট পিএসজির জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ ফিরতি লেগে বায়ার্নের মাঠে তাদের রক্ষণে অভিজ্ঞতা ও গতি; দুটোই গুরুত্বপূর্ণ হবে।
অন্যদিকে ব্যক্তিগতভাবে হাকিমির জন্যও এটি বড় ধাক্কা। গত ব্যালন ডি’অর তালিকায় ষষ্ঠ হওয়া এই ডিফেন্ডার মরক্কোর অন্যতম প্রধান ভরসা। আসন্ন ২০২৬ বিশ্বকাপেও তাকে ঘিরে বড় প্রত্যাশা রয়েছে, যেখানে মরক্কো তাদের অভিযান শুরু করবে ব্রাজিল-এর বিপক্ষে ম্যাচ দিয়ে।
সবমিলিয়ে, জয় পেলেও পিএসজির ড্রেসিংরুমে এখন মিশে আছে উদ্বেগ। কারণ সেমিফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্নের মাঠে সামনে অপেক্ষা করছে সবচেয়ে কঠিন পরীক্ষা।