চ্যাম্পিয়নস লিগে এবার একেবারে নতুন রূপে দেখা যাচ্ছে পিএসজিকে। লুইস এনরিকের কোচিংয়ে দলটি এখন অনেক বেশি সংগঠিত, আক্রমণাত্মক এবং আত্মবিশ্বাসী। অনেকেই বলছেন ইউরোপের নতুন ‘সুপার টিম’। টানা ভালো পারফরম্যান্সে তারা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
গত মৌসুমে শিরোপা জয়ের পর এবারও একই ধারায় এগোচ্ছে পিএসজি। সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর দলটির মিডফিল্ডার ভিতিনিয়া তুলে ধরেন এক চমকপ্রদ মন্তব্য, যা ঘিরে এখন ইউরোপিয়ান ফুটবলে আলোচনা তুঙ্গে।
ভিতিনিয়ার ভাষ্য অনুযায়ী, পিএসজি ছাড়ার সময় লিওনেল মেসি নাকি বলেছিলেন, ‘তোমরা কখনোই চ্যাম্পিয়নস লিগ জিততে পারবে না।’
এই মন্তব্যকে এখন অনেকেই পিএসজির বর্তমান পারফরম্যান্সের পেছনের এক ধরনের মোটিভেশন হিসেবে দেখছেন। ভিতিনিয়া বলেন, ‘এখন আমরা টানা দ্বিতীয়বারের মতো ফাইনালের পথে। আগের মতো শেষ ষোলো থেকেই বিদায় নিতে হচ্ছে না, এটাই আমাদের উন্নতির প্রমাণ।’
লিওনেল মেসি ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত পিএসজির হয়ে খেলেন। এই সময়ে তিনি ৭৫ ম্যাচে ৩২ গোল ও ৩৫ অ্যাসিস্ট করেন। তবে চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন পূরণ হয়নি। পরে তিনি পাড়ি জমান ইন্টার মায়ামিতে।