শঙ্কা যেন সত্যিই বাস্তব হয়ে ধরা দিল। প্রকৃতির বিরূপ আচরণে ভেস্তে গেল দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের টস। চট্টগ্রামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার এই ম্যাচ ঘিরে যে উত্তেজনা ছিল, তা আপাতত বৃষ্টির বাঁধায় থমকে গেছে। খেলা আদৌ মাঠে গড়াবে কিনা, সেই প্রশ্নও এখন বড় হয়ে উঠেছে।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বুধবার দুপুর দেড়টায় টস হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের আগেই শুরু হওয়া বৃষ্টিতে পিছিয়ে যায় টস। ম্যাচের আগের দিন থেকেই চট্টগ্রামে ছিল ভারী বর্ষণ। বুধবার সকালেও আকাশ ছিল গুমোট, আর বেলা ১১টার পর থেকে শুরু হয় থেমে থেমে বৃষ্টি।

বর্তমানে উইকেট এবং মাঠের চারপাশ পুরোপুরি ঢেকে রাখা হয়েছে কাভার দিয়ে। মাঠ প্রস্তুত থাকলেও প্রকৃতি এখনো খেলা শুরুর অনুমতি দিচ্ছে না।
নির্ধারিত সময়ে দুই দল মাঠে উপস্থিত হলেও বৃষ্টি এবং বজ্রপাতের কারণে ক্রিকেটাররা ড্রেসিং রুম থেকেই বের হতে পারেননি। আকাশ কবে শান্ত হবে, সবাই এখন সেই অপেক্ষায়।
প্রেসবক্সের স্কোরারদের তথ্য অনুযায়ী, ন্যূনতম ৫ ওভারের ম্যাচ শুরু করার শেষ সময় বিকেল ৪টা ৫০ মিনিট। অর্থাৎ এই সময়ের মধ্যে খেলা শুরু হলে অন্তত ৫ ওভারের একটি সংক্ষিপ্ত ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। কিন্তু এর মধ্যেও যদি বৃষ্টি না থামে, তাহলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হবে।