ফিফা বিশ্বকাপের উত্তাপ বাড়তে থাকলেও চূড়ান্ত স্কোয়াড ঘোষণায় তাড়াহুড়ো করতে চাইছে না জার্মানি। চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা এবার নিয়েছে বাড়তি সতর্কতার পথ। বুন্দেসলিগার শেষ ম্যাচ এবং চোটপ্রাপ্ত খেলোয়াড়দের ফিটনেস যাচাইয়ের জন্য দল ঘোষণার সময়সূচি পিছিয়ে দিয়েছে তারা।
মঙ্গলবার জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে, আগে যেখানে ১২ মে দল ঘোষণা হওয়ার কথা ছিল, এখন তা পিছিয়ে ২১ মে ফ্রাঙ্কফুর্টে করা হবে। একই সঙ্গে জাতীয় দলের ক্যাম্পে খেলোয়াড়দের যোগ দেওয়ার সময়ও পরিবর্তন আনা হয়েছে। ২৭ মে থেকে তারা ক্যাম্পে যোগ দেবেন, যা আগের চেয়ে দুই দিন পরে।
জার্মান কোচ জুলিয়ান নেগলেসম্যান এই সিদ্ধান্ত নিয়েছেন মূলত ক্লাব ফুটবলের ব্যস্ত সূচি ও খেলোয়াড়দের শারীরিক চাপ বিবেচনায় রেখে। ১৬ মে বুন্দেসলিগার শেষ রাউন্ড শেষ হবে। এরপর ২৩ মে বায়ার্ন মিউনিখ ও স্টুটগার্টের মধ্যে জার্মান কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। জাতীয় দলের বড় একটি অংশ এই দুই ক্লাবের হওয়ায় তাদের পর্যাপ্ত বিশ্রাম দেওয়াই মূল লক্ষ্য।
এছাড়া পরিস্থিতি আরও জটিল হতে পারে যদি বায়ার্ন মিউনিখ ৩০ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পৌঁছে যায়। সেক্ষেত্রে সেই দলের খেলোয়াড়রা জাতীয় দলে আরও পরে যোগ দেবেন।
চোটের সমস্যাও চিন্তায় রেখেছে কোচিং স্টাফকে। গত মাসেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন বায়ার্নের ফরোয়ার্ড সার্জ গ্নাব্রি। অন্যদিকে লেনার্ট কার্ল এখনো ফিটনেস ফিরে দলে জায়গা পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে ৩১ মে ফিনল্যান্ড এবং ৬ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে জার্মানি। এরপর ১৪ জুন বিশ্বকাপের মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে নবাগত কুরাসাওয়ের।
‘ই’ গ্রুপে জার্মানির অন্য দুই প্রতিপক্ষ আইভরি কোস্ট এবং ইকুয়েডর; যেখানে লড়াইটা সহজ হওয়ার কোনো সুযোগই নেই বলেই মনে করছেন বিশ্লেষকরা।